আসানসোলে বিধায়কের নেতৃত্বে বিজেপি মহিলা মোর্চার ” অন্নপূর্ণা অভিনন্দন যাত্রা “
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের নেতৃত্বে আসানসোল উত্তর বিজেপি মহিলা মোর্চা শুক্রবার বিকেলে আসানসোল শহরে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশে ” অন্নপূর্ণা অভিনন্দন যাত্রা”র আয়োজন করে। এই যাত্রাটি আসানসোলের জিটি রোডে গীর্জা মোড় থেকে শুরু হয়ে পুরনো রামকৃষ্ণ মিশন মোড় পর্যন্ত যায়। এই প্রসঙ্গে মহিলা মোর্চার জেলা সভাপতি শীতল সোলাঙ্কি বলেন, এদিন আমরা অন্নপূর্ণা যোজনার প্রচারের জন্য এই র্যালির আয়োজন করেছি। মহিলারা অন্নপূর্ণা যোজনা পেয়েছেন। অনেকেরই এই ভুল ধারণা আছে যে অন্নপূর্ণা যোজনা পাওয়া যাচ্ছে না।













তা নিয়ে টিএমসি মিথ্যা প্রচার চালাচ্ছে। তারা এই র্যালিটি দেখেই বুঝতে পারবেন কারা এটি পেয়েছেন এবং কারা পাননি।তিনি আরো বলেন, অন্নপূর্ণা যোজনা থাকা সত্ত্বেও টিএমসি যে মিথ্যা প্রচার চালাচ্ছে, তা প্রমাণ করতে আমরা বাধ্য হচ্ছি। তাই, টিএমসির উচিত এসে দেখা যে কোন মহিলারা এটি পেয়েছেন। আমরা ঠিক সেটাই দেখানোর জন্য এই র্যালির আয়োজন করেছি।ভারতীয় জনতা পার্টির আসানসোল জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি নাজনীন সবিহা বলেন, এই যাত্রার মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গ সরকার ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই, নারীদের কথা ভেবে অন্নপূর্ণা যোজনার মতো একটি উপহার দেওয়ার জন্য। এই সরকারি প্রকল্পের টাকাটা খুব কম নয়।

৩,০০০ টাকা। তিনি আরো বলেন , এর ফলে এই প্রকল্পের সুবিধা বাংলার লক্ষাধিক মহিলা পেয়েছেন। তা তাদের পরিবারকে সাহায্য করেছে। এটা প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর মাধ্যমেই সম্ভব হয়েছে। এই যাত্রা করে আমরা তাঁদের ধন্যবাদ জানাতে চাই। আগের তৃনমুল কংগ্রেসের সরকারকে আক্রমণ করে তিনি বলেন, দেখুন, টিএমসি সরকার পাঁচ বছর আগে লক্ষ্মী ভান্ডার চালু করেছিল। কিন্তু শিবির আয়োজন করে তা অল্প অল্প করে বিতরণ করা হয়েছিল।
পশ্চিমবঙ্গের মহিলারা কোনো প্রকল্পের সুবিধাই ঠিকমতো পাননি। আমাদের সরকার মাত্র চার মাস ক্ষমতায় আছে। আর এই চার মাসে মহিলারা ৩,০০০ টাকা পেয়েছেন। যা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকার দ্বিগুণ।বিজেপি বিধায়ক বলেন , আমরা সম্পূর্ণ আত্মবিশ্বাসী যে আমাদের সরকারের যোগ্য ও অভাবী মহিলারা যাচাই-বাছাইয়ের পর অবশ্যই এই প্রকল্পের সুবিধা পাবেন। এর জন্য সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে। কারোর মিথ্যে প্রচারে বিভ্রান্ত হবেন না।

