দুর্গাপুরে সিপিএমের সভা ঘিরে উত্তেজনা, পাল্টা ঢাক বাজিয়ে ‘জয় শ্রী রাম’ স্লোগান
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গাপুরে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার সামনে সিপিএমের প্রতিবাদ সভাকে ঘিরে শুক্রবার বিকেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই সভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ, মীনাক্ষী মুখোপাধ্যায়। ছিলেন দলের নেতা, কর্মী ও সমর্থক। অন্যদিকে, সিপিএমের সভাস্থলের উল্লেখ দিকে জড়ো হন বিশ্ব হিন্দু রক্ষা বাহিনীর সমর্থকেরা।সিপিএমের সভা চলাকালীন কিছুক্ষণের মধ্যেই দুই পক্ষের উপস্থিতিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শতরুপ ঘোষদের বক্তব্যের মধ্যেই বিশ্ব হিন্দু রক্ষা বাহিনীর সমর্থকেরা ঢাক বাজিয়ে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে থাকেন। তাঁদের অভিযোগ, সভাস্থল থেকে শতরূপ ঘোষ ও মীনাক্ষী মুখোপাধ্যায়ের বক্তব্যে হিন্দু-বিরোধী মন্তব্য করা হয়েছে।













সেই বক্তব্যের প্রতিবাদ জানাতেই তাঁরা সেখানে উপস্থিত হয়েছেন বলে দাবি করেন সংগঠনের সমর্থকেরা।অন্যদিকে, সিপিএমের পক্ষ থেকে অভিযোগ করা হয়, তাঁদের প্রতিবাদ সভা ভণ্ডুল করার উদ্দেশ্যেই বিশ্ব হিন্দু রক্ষা বাহিনীর সমর্থকেরা সভাস্থলের বিপরীতে এসে ঢাক বাজিয়ে স্লোগান দিয়েছেন। তাদের দাবি, আমরা অনেক দিন আগে পুলিশের কাছ থেকে এই সভা করার জন্য অনুমতি নিয়েছিলাম।
এখন পুলিশ আমাদেরকে সরে যেতে বলছে। যারা গন্ডগোল করছে, তাদেরকে পুলিশ কিছু বলছে না। আসল কথা হলো, বিজেপির আসল রুপ বাংলার মানুষেরা মাত্র চারমাসেই বুঝে গেছেন। তাই আমরা যখন মানুষের দাবি নিয়ে রাস্তায় নেমে আন্দোলন করছি, তখন বিজেপি তাদের সংগঠনকে নামিয়ে মানুষকে ধর্ম ও হিন্দু বলে ভুল বোঝানোর চেষ্টা করছে। দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য ও স্লোগানকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়। আগে থেকেই এলাকায় থাকা পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করে।

