ASANSOL

টোটোর দৌরাত্ম্যে অতিষ্ঠ চালকরা, বারাবনিতে অনির্দিষ্টকালের মিনিবাস ধর্মঘটের ডাক.

*বেঙ্গল মিরর, বারাবনি, রাজা বন্দোপাধ্যায়ঃ* টোটোর অনিয়ন্ত্রিত বাড়বাড়ন্ত এবং ক্রমাগত চলা গোলমালের জেরে চরম ক্ষোভ তৈরি হলো মিনিবাস চালকদের মধ্যে। টোটোর দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে অবশেষে বাস চলাচল বন্ধ রেখে ধর্মঘটের ডাক দিলেন আসানসোলের বারাবনির মিনিবাস চালকরা।জানা গেছে, দিনের পর দিন এলাকায় টোটোর সংখ্যা অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পাওয়ায় মিনিবাস পরিষেবা মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুধু তাই নয়, রাস্তায় টোটো চালকদের সঙ্গে প্রায় প্রতিদিন কোনো না কোনো বচসা বা অপ্রীতিকর ঘটনা ঘটেই চলেছে।

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে বাধ্য হয়েই চালকরা মিনিবাস পরিষেবা বন্ধ রাখার চরম সিদ্ধান্ত নেন। চালকদের স্পষ্ট দাবি, যত দিন না পর্যন্ত এলাকায় টোটোর এই অনিয়ন্ত্রিত দৌরাত্ম্য বন্ধ হচ্ছে এবং নির্দিষ্ট নিয়ম চালু হচ্ছে, তত দিন তাঁরা কোনোভাবেই বাস চালাবেন না।বাস ধর্মঘটের কারণে দোমহানি মোড় সহ সংলগ্ন এলাকা গুলিতে যাত্রী ভোগান্তি চরম আকার নেয়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বারাবনি থানার পুলিশ।

পুলিশ আধিকারিকরা দোমহানি মোড়ে গিয়ে আন্দোলনকারী মিনিবাস চালকদের সঙ্গে আলোচনা করেন এবং সাধারণ মানুষের দুর্ভোগের কথা মাথায় রেখে বাস চলাচল স্বাভাবিক করার অনুরোধ জানান।তবে চালকরা নিজেদের দাবিতে অনড় থাকেন।সমস্যা সমাধানের লক্ষ্যে ইতিপূর্বে টোটো এবং মিনিবাস চালকদের নিয়ে একটি সমন্বয় বৈঠক ডাকা হয়েছে। এর জবাবে মিনিবাস চালকদের তরফে স্পষ্ট জানানো হয়, প্রশাসনের সঙ্গে বৈঠক না হওয়া পর্যন্ত তাঁরা কোনো সিদ্ধান্ত নেবেন না।

বৈঠকের আলোচনা ও তার ফলাফলের ওপর নির্ভর করেই আগামী দিনে এলাকায় মিনিবাস চলাচল করবে কি না, তা ঠিক করা হবে।বর্তমানে এই ধর্মঘটের ফলে সংশ্লিষ্ট রুটের নিত্যযাত্রীরা চরম হয়রানির শিকার হচ্ছেন। এখন সবার নজর প্রশাসনের দিকে। এখন দেখার টোটো ও মিনিবাসের মধ্যে এই সমস্যার স্থায়ী সমাধান সূত্র বেরোয় কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *