দুর্গাপুরে ১৯ নং জাতীয় সড়কের টোলপ্লাজায় পথ দুর্ঘটনা, চাঞ্চল্য
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* পথ দুর্ঘটনা ঘটলো পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে কাঁকসা থানার ১৯ নম্বর জাতীয় সড়কে বাঁশকোপা টোলপ্লাজায়। সোমবার দুপুরে হওয়া এই দুর্ঘটনায় তিনটি গাড়ি দুর্ঘটনাগ্রস্থ হয়।জানা গেছে, একটি কনটেনার সোমবার দুপুরে আসানসোলের দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিলো। দুর্গাপুরে ১৯ নং জাতীয় সড়কে কাঁকসা থানার বাঁশকোপা টোলপ্লাজায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যানের পিছনে ধাক্কা মারে কনটেইনারটি। কনটেইনারের ধাক্কায় পিকআপ ভ্যানটি ডিভাইডারের উপরে চেপে উল্টো রাস্তা দিয়ে আসা একটি গ্যাসের ট্যাঙ্কারে ধাক্কা মারে।













গ্যাসের ট্যাঙ্কারটি হলদিয়া থেকে গোরক্ষপুর যাচ্ছিলো। এই দুর্ঘটনায় তিনটি গাড়ির চালক ও খালাসি সহ বেশ কয়েকজন আহত হয়। কাঁকসা থানা ও কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কাঁকসা ট্রাফিক গার্ডের এসিপি। এছাড়াও ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। দুর্ঘটনায় জেরে বেশ কিছুক্ষণ ধরে বাঁশকোপা টোলপ্লাজায় যানজটের সৃষ্টি হয়।
নিয়ে আসা হয় ক্রেন। ট্রাফিক গার্ড পুলিশ ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্থ গাড়ি গুলিকে অন্যত্র সরিয়ে দ্রুত রাস্তায় যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনাগ্রস্থ গাড়িগুলিকে আটক করে পুলিশ। দমকল, জাতীয় সড়ক কতৃপক্ষ ও পুলিশ আধিকারিকরা বলেন,গ্যাস ট্যাঙ্কারটিতে গ্যাস ভর্তি থাকায় একটা আশঙ্কা ছিলো। কিন্তু দ্রুততার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ায় বড় কোন কিছু ঘটেনি।


