ASANSOLASANSOL-BURNPUR

বার্নপুরে ইস্কো কারখানা কতৃপক্ষের বিরুদ্ধে রাস্তা কেটে গর্ত করার অভিযোগ, বাসিন্দাদের বিক্ষোভ, উত্তেজনা

*বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* বার্নপুর সেল আইএসপি বা ইস্কো কারখানা কতৃপক্ষের বিরুদ্ধে নবঘন্টি এলাকা থেকে হিরাপুর যাওয়ার গেটের সামনে রাস্তায় মাটি কেটে গর্ত করে দেওয়ার অভিযোগ উঠলো। এর প্রতিবাদে মঙ্গলবার স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান। স্বাভাবিক ভাবেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই বিষয়ে এলাকার বাসিন্দা গৌরব বন্দোপাধ্যায় বলেন, নবঘন্টি থেকে যাওয়ার এই রাস্তাটি দিয়ে এই এলাকার মানুষেরা খুব সোজাভাবে যাতায়াত করতেন। কিন্তু বার বার ইস্কোর পক্ষ থেকে কখনো গেট বন্ধ করে দেওয়া হচ্ছে বা কখনো রাস্তা খুঁড়ে দেওয়া হচ্ছে। এর ফলে মানুষের অসুবিধা হচ্ছে। তিনি আরো বলেন, কারখানা কতৃপক্ষের বক্তব্য যে রাস্তাটি খোলা থাকার ফলে চুরি হচ্ছে।

তিনি প্রশ্ন করেন, এই গেটে ইস্কোর পাঁচ/ছয় জন নিরাপত্তা রক্ষীরা ছিলেন। তারা কোথায়? তাদেরকে যদি রাখা হয় তাহলে কেন চুরি হবে? তিনি বলেন, ইস্কোর অফিসারদের বাড়িতে যে মহিলারা কাজ করেন তারা নবঘন্টি এলাকাতে থাকেন। এই রাস্তা দিয়ে তারা অফিসারদের বাড়ি যান। আবার অফিসাররা দুধ বা অন্য কোন জিনিসপত্র কেনার জন্য এই রাস্তা দিয়েই নবঘন্টি আসেন। কিন্তু তারাই আবার এই মানুষদেরই অসুবিধা সৃষ্টি করছেন।

তিনি স্পষ্ট বলেন, এই গেটটি খুলে দিতে হবে ও রাস্তার গর্ত বুজিয়ে দিতে হবে। যাতে এখানকার মানুষের অসুবিধা না হয়।অন্যদিকে, এ বিষয়ে ইস্কো অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশীল কুমার সুমন বলেন, কারখানা কর্তৃপক্ষ এবং স্থানীয় বাসিন্দা দুপক্ষকে একে অন্যের পরিপূরক হয়ে থাকতে হবে। তাই একে অপরের সাথে ঝগড়া বা বিবাদ করে কোন লাভ নেই। তিনি বলেন, রাস্তাটি পুরোপুরি বন্ধ নেই। পায়ে হেঁটে বা টু হুইলারের জন্য রাস্তা খোলা আছে।

কিন্তু দেখা যাচ্ছিল যে এই রাস্তা ব্যবহার করে কলোনির ভেতরে কিছু চুরির ঘটনা ঘটেছিল। যার ফলে কর্তৃপক্ষের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কিন্তু তিনি বলেন, মানুষের অসুবিধা দেখে আলোচনা করা হচ্ছে। তিনি আত্মবিশ্বাসী, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে। যখন তাঁকে জিজ্ঞাসা করা হয় যে, আগে এই গেটে কারখানা কতৃপক্ষের নিরাপত্তা রক্ষীরা ছিলেন। এখন নেই। এই প্রসঙ্গে তিনি বলেন, সব জায়গাতে নিরাপত্তা রক্ষী দেওয়া কারখানা কতৃপক্ষের পক্ষে সম্ভব হচ্ছে না। তবে, গোটা বিষয়টি নিয়ে ইস্কো কারখানা কতৃপক্ষের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *