বেআইনি টোটো ও অটোর দৌরাত্ম্যে আসানসোলে বন্ধ মিনিবাস, বিধায়কের হস্তক্ষেপে সমস্যার সমাধান
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* সরকার পরিবর্তন হলেও, বেআইনি টোটো ও অটোর দৌরাত্ম্য একটুও কমেনি। বরং গত কয়েকদিন ধরে টোটো চালকেরা বেপরোয়া হয়ে উঠেছে। তারা আসানসোলের একাধিক জায়গায় মিনিবাস চালক ও কর্মীদের উপরে চড়াও হয়ে মারধর করে বলে অভিযোগ। যার প্রতিবাদ গত দুদিন ধরে আসানসোলের সিটি বাসস্ট্যান্ডে বিভিন্ন রুটে মিনিবাস চালানো বন্ধ করে দেন বাস মালিক ও চালকেরা। যার ফলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষেরা। শেষ পর্যন্ত আসানসোল উত্তরের বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় হস্তক্ষেপ করেন।









তিনি মিনিবাস মালিকদেরকে আশ্বস্ত করেন। এরপরে মঙ্গলবার থেকে সবকিছু স্বাভাবিক হয়।গত দুদিন ধরে বন্ধ হয়ে থাকা মিনিবাস চলাচল এদিন থেকে শুরু হয়েছে। বিধায়ক ও পুলিশ প্রশাসনের তরফে আশ্বাস দেওয়ায় সন্তোষ প্রকাশ করেন আসানসোল মিনিবাস এ্যাসোসিয়েশনের সম্পাদক সুদীপ রায়। এদিন আসানসোল উত্তরের বিধায়ক প্রতিনিধি দীপক গুপ্ত বলেন, বাস মালিক ও কর্মচারীরা বাস চালাতে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। যে কারণে তাঁরা গত দুদিন ধরে মিনিবাস চালানো বন্ধ করছিলেন। এই ধর্মঘটের কারণে যাত্রীরা ব্যাপক অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন।




বিষয়টি আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের নজরে আসামাত্রই তিনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন। এদিন আমি বিধায়কের প্রতিনিধি হিসেবে আসানসোল বাসস্ট্যান্ডে আসি। তিনি বাস কর্মীদের সঙ্গে কথা বলি। তাদের কাছে বিধায়কের বার্তা পৌঁছে দিয়েছি ও তাঁদেরকে সমস্যাগুলো একে একে লিখিতভাবে বিধায়কের কাছে জমা দিতে বলা হয়েছে । দীপক গুপ্ত আশ্বাস দেন , বর্তমান সরকার চার মাস ক্ষমতায় এসেছে। কিন্তু এই সরকারের কার্যপদ্ধতি আগের সরকারের থেকে সম্পূর্ণ ভিন্ন। আগের টিএমসি সরকার সিদ্ধান্ত নিতে গড়িমসি করতো। কিন্তু এখন থেকে আর তেমনটা হবে না। তিনি বলেন, বাস কর্মীরা বিধায়কের কাছে লিখিতভাবে প্রতিটি সমস্যা উল্লেখ করার সাথে সাথেই তা সমাধানের জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে। দীপক গুপ্তা বলেন, আমরা খুশি যে বাস কর্মীরা বিধায়কের আশ্বাসকে সম্মান জানিয়ে এদিন তাদের ধর্মঘট শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন যে পরিবহন ব্যবস্থার সাথে জড়িতদের সমস্যার একটি স্থায়ী সমাধান শীঘ্রই সম্ভব হবে। দীপক গুপ্তার নেতৃত্বে আসানসোল সাউথ ট্র্যাফিক গার্ড অফিসে সাউথ ট্র্যাফিক গার্ডের ইনচার্জের সাথে এই বিষয়ে একটি বৈঠকও হয়।এদিকে, সুদীপ রায় বলেন, গোটা বিষয়টিতে আসানসোল উত্তরের বিধায়ক হস্তক্ষেপ করেছেন। আমরা বর্তমান সরকার ও পরিবহন মন্ত্রী অর্জুন সিংয়ের কথায় বিশ্বাস রাখছি। এর আগের সরকার বারবার প্রতিশ্রুতি দিয়ে গেছিলো। মিনিবাসকে বাঁচানোর জন্য কোন পদক্ষেপ নেয়নি। প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে। এবার দেখি কি হয়।

