দুর্গাপুরে বেহাল রাস্তা প্রতিবাদে জমা জলে মাছ ছেড়ে বিক্ষোভ সিপিএমের, পুজোর আগে মেরামতের দাবি
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গাপুর নগর নিগমের ২৭ নম্বর ওয়ার্ডে বিধাননগরের মোহনানন্দা ক্যান্সার হাসপাতালের সামনের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা পড়ে আছে। সেই রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে জমা জলে মাছ ছেড়ে বিক্ষোভ দেখালেন সিপিএমের কর্মী ও সমর্থকেরা।মঙ্গলবার সকালে রাস্তার উপর জমে থাকা জলের মধ্যেই মাছ ছেড়ে প্রতিবাদ জানান তাঁরা। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বড় বড় গর্তের পাশাপাশি বৃষ্টির জল জমে থাকায় যাতায়াত কার্যত দুর্বিষহ হয়ে উঠেছে। সিপিএম নেতৃত্বর দাবি, এই রাস্তার সামনেই রয়েছে দুটি বড় হাসপাতাল।













ফলে প্রতিদিন রোগী, তাঁদের পরিজন থেকে শুরু করে সাধারণ মানুষকে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। রাস্তার বর্তমান পরিস্থিতিতে সমস্যায় পড়তে হচ্ছে সকলকেই। বিশেষ করে অসুস্থ রোগীদের নিয়ে হাসপাতালে আসা-যাওয়ার ক্ষেত্রে দুর্ভোগ আরও বাড়ছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের। আরো দাবি, রাস্তা মেরামতের জন্য প্রশাসনের বিভিন্ন মহলে জানানো হলেও এখনও পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ করা হয়নি। পুজোর আগে অবিলম্বে রাস্তা সংস্কার না করা হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

