চোরবাগানের দুর্ঘটনার পরে আসানসোলে হাই অ্যালার্ট, পুজো মণ্ডপের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে শনিবার প্রথম মহাসপ্তমীর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনার পরে আসানসোলে পুজো মণ্ডপগুলির নিরাপত্তা জোরদার করতে তৎপর হলো প্রশাসন ও পুলিশ। যাতে পুজোর বাকি দিনগুলোতে আসানসোলে এই ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য শহরের বিভিন্ন পুজো মণ্ডপে প্রবেশ ও প্রস্থান পথ, ভিড় নিয়ন্ত্রণ এবং স্বেচ্ছাসেবকদের উপস্থিতি সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় খতিয়ে দেখা হচ্ছে। রবিবার সকালে আসানসোলের বার্নপুর রোডে রবীন্দ্র নগর উন্নয়ন সমিতি সহ একাধিক বিগ বাজেটের পুজো মন্ডপ ঘুরে দেখেন আসানসোলের মহকুমাশাসক (সদর) সাধন দেবনাথ সহ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিকরা। ছিলেন আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়।











কলকাতার চোরবাগানের দুর্ঘটনায় ১৯ জনের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, পুজোর মতো আনন্দের পরিবেশে মানুষের প্রাণহানি অত্যন্ত দুঃখজনক। কোনওভাবেই এই ধরনের ঘটনা কাম্য নয়। সব দুর্ঘটনা আটকানো সম্ভব না হলেও আগাম সতর্কতা এবং উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বিপদের আশঙ্কা অনেকটাই কমানো সম্ভব।বিধায়ক আরো বলেন, দুর্ঘটনার পরে আসানসোলের পুজো মণ্ডপগুলির নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন মণ্ডপে প্রবেশ ও প্রস্থানের পথ সঠিক রয়েছে কি না, পর্যাপ্ত স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে কি না এবং ভিড় নিয়ন্ত্রণের জন্য যথাযথ ব্যবস্থা রয়েছে কি না, তা পরীক্ষা করা হচ্ছে।


পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দর্শনার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থার উপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।তিনি আরো জানান, রবিবার সকাল থেকেই দফায় দফায় প্রশাসনিক বৈঠক চলছে। মহকুমা শাসক সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখছেন। পুলিশ ও প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে। পুজোর বাকি দিনগুলিতে দর্শনার্থীদের ভিড় সামলানো এবং কোনও অপ্রীতিকর ঘটনা এড়ানোই এখন প্রশাসনের অন্যতম প্রধান লক্ষ্য।কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের কথায়, যা হয়েছে, তাতে তো আর কিছু করার নেই । আমরা আর এই ধরনের ঘটনা ঘটতে দিতে চাই না। প্রশাসন সতর্ক রয়েছে এবং নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।কলকাতার চোরবাগানের মর্মান্তিক দুর্ঘটনার পর পুজো মণ্ডপে ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থার খামতি আরও একবার সামনে চলে এসেছে।, এদিকে, আসানসোলেও যাতে দর্শনার্থীরা নির্বিঘ্নে প্রতিমা দর্শন করতে পারেন, তা নিশ্চিত করতে সতর্ক রয়েছে প্রশাসন বলে জানিয়েছেন আসানসোলের মহকুমাশাসক (সদর) সাধন দেবনাথ। তিনি বলেন, সবকিছু খতিয়ে দেখে পুজো কমিটিকে সতর্ক করা হয়েছে ।


