চোরবাগানের পদপিষ্টের ঘটনার পর সতর্ক প্রশাসন দুর্গাপুরের মণ্ডপে নিরাপত্তা খতিয়ে দেখলেন মহকুমাশাসক, পরিদর্শনে পুলিশও
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* কলকাতার চোরবাগানে পদপিষ্টের ঘটনার পরই সতর্ক পুলিশ প্রশাসন। দুর্গাপুজোর দিনগুলোতে ভিড়ে যাতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তা নিশ্চিত করতে তৎপর হয়েছে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। দর্শনার্থীদের নিরাপত্তা, ভিড় নিয়ন্ত্রণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখতে দুর্গাপুরের একাধিক পুজোমণ্ডপ পরিদর্শন করলেন প্রশাসনিক ও পুলিশ আধিকারিকরা।দুর্গাপুরের অন্যতম আকর্ষণ শঙ্করপুর সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপ এবং ফুলঝোড় সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে রবিবার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন দুর্গাপুরের মহকুমাশাসক অঙ্কিতা আগরওয়াল।













ছিলেন নিউ টাউনশিপ থানার পুলিশ আধিকারিকরাও। সন্ধ্যা নামতেই এই দুই পুজোমণ্ডপে দর্শনার্থীদের ভিড় বাড়তে শুরু করে। সেই ভিড় সামাল দেওয়ার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে কি না, তা খতিয়ে দেখেন তাঁরা। পরিদর্শনের সময় মণ্ডপের প্রবেশ ও প্রস্থানের পথ ( এন্ট্রি ও এক্সিট গেট) এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা রয়েছে কি না, সেদিকে বিশেষ নজর দেওয়া হয়। পাশাপাশি, দর্শনার্থীদের যাতায়াত যাতে নির্বিঘ্নে হয় এবং ভিড় বাড়লে দ্রুত পরিস্থিতি সামাল দেওয়া যায়, সেই বিষয়গুলিও খতিয়ে দেখেন আধিকারিকরা।
মণ্ডপের আশপাশে চলাচলের পথে কোনও বাধা রয়েছে কি না এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনও খামতি রয়েছে কি না, তাও পর্যালোচনা করা হয়।কলকাতার চোরবাগানের পদপিষ্টের ঘটনার পর দুর্গাপুজোর ভিড় নিয়ন্ত্রণ ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের কাছে বাড়তি গুরুত্ব পেয়েছে। উৎসবের আনন্দে যাতে কোনও দুর্ঘটনা ছায়া ফেলতে না পারে, সেই লক্ষ্যেই আগাম সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া বলে দুর্গাপুরের মহকুমাশাসক জানিয়েছেন ।

