ASANSOL

ছড়াচ্ছে দূষণ, আসানসোলে জঞ্জাল সাফাইয়ের তদারকিতে বিধায়ক

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* জঞ্জাল ওআবর্জনা ফেলে পুকুর বুজিয়ে ফেলা হয়েছে। পরে সেইসব আবর্জনা পোড়ানোর ফলে চরম দূষণের অভিযোগ উঠলো আসানসোলের রেলপাড়ের ওকে রোড এলাকায়। স্থানীয়দের অভিযোগ, বস্তা বস্তা করে বর্জ্য পদার্থ নিয়ে এসে এখানে ফেলা হচ্ছে এবং সেগুলো জ্বালানো হচ্ছে।বৃহস্পতিবার আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় এলাকার পরিদর্শনে যান। তিনি বলেন, এখানে একটি পুকুর ছিল। সেটাকে প্রায় বুজিয়ে ফেলা হয়েছে আবর্জনা ফেলে।এর ফলে আশেপাশের সমস্ত মানুষ নাজেহাল। দূষণে বাচ্চা থেকে বয়স্ক সকলেই অসুস্থ হয়ে পড়ছেন। এলাকায় একাধিক স্কুল রয়েছে, স্কুলের বাচ্চাদেরও সমস্যা হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, এতদিন এই দিকে কেউ নজর দেয়নি।

তিনি আরো বলেন, আসার পুরনিগমের আধিকারিকদের বলা হয়েছে যাতে সাফাই ঠিক করে হয়। এখানে বাচ্চাদের খেলার জন্য একটি পার্ক করার পরিকল্পনা রয়েছে। বর্জ্য পদার্থ দিয়ে যে জলাশয় ভরাট করা হচ্ছে, সেগুলোকে পরিষ্কার করে পুকুরটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন থেকেই এলাকায় সাফাইয়ের কাজ শুরু হয়েছে। তিনি আরো বলেন, আমাদের সরকারের মাত্র চার মাস হয়েছে ক্ষমতায় এসেছে। আগের সরকার যদি কাজ করতো তাহলে এই অবস্থা হতো না।

মানুষকে বোঝাতে হবে কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা করা যাবে না। আশা করি এখানকার সাধারণ মানুষ, বিশেষ করে যুব সমাজ এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে এবং জায়গাটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবে। এদিন বিধায়ক এলাকায় পরিবেশ সচেতনতায় বৃক্ষরোপনও করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *