নিম্নচাপের জেরে টানা বৃষ্টি দুর্গাপুরের একাধিক জায়গা জলমগ্ন, গাড়ি চলাচল ব্যহত, দুর্ভোগ
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* নিম্নচাপের জেরে টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে দুর্গাপুরের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। কোথাও রাস্তায় জল জমে তৈরি হয়েছে ছোট ও মাঝারি জলাশয়। কোথাও আবার জমা জলের কারণে ব্যাহত হচ্ছে যান চলাচল। নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ জলমগ্ন রাস্তায় যাতায়াত করতে গিয়ে চরম সমস্যায় পড়ছেন।দুর্গাপুর নগর নিগমের ২৩ নম্বর ওয়ার্ডের এমএমসি এলাকার ব্রিজের নিচে জল জমে কার্যত দুর্ভোগের চিত্র ধরা পড়েছে। একই ছবি দেখা গেছে, বেনাচিতির শ্রীনগর পল্লী, দুর্গাপুর স্টেশন বাজার এলাকা এবং বিধাননগরের স্টিল পার্ক এলাকাতেও।













একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় দীর্ঘক্ষণ জল জমে থাকায় পথচারী ও যানবাহন চলাচলে সমস্যা তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বৃষ্টির পর জল জমলেও দীর্ঘক্ষণ তা নিষ্কাশন না হওয়ায় সমস্যা আরও বাড়ছে। জল জমে থাকার কারণে কোথাও রাস্তার পরিস্থিতি বোঝা যাচ্ছে না। আবার কোথাও গাড়ি ধীরগতিতে চলাচল করছে।
ফলে নিত্যযাত্রীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। দীর্ঘক্ষণ জল জমে থাকায় বিভিন্ন এলাকায় ক্ষোভও তৈরি হয়েছে। দ্রুত জমা জল নিষ্কাশনের পাশাপাশি ভবিষ্যতে যাতে বৃষ্টির জল দীর্ঘক্ষণ রাস্তায় জমে না থাকে, তার জন্য স্থায়ী নিকাশি ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

