রুপনারায়নপুর সীমান্তে মাঝরাতে ডিডির হানা, ৩ আগ্নেয়াস্ত্র সহ ধৃত ২ যুবক
*বেঙ্গল মিরর, সালানপুর ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* অস্ত্র পাচার আটকাতে বড়সড় সাফল্য পেলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ বা ডিডি। গাঁজা পাচার, সাইবার ক্রাইমের পর এবার আগ্নেয়াস্ত্র পাচার চক্রের হদিশ পেলো ডিডি । বৃহস্পতিবার বাংলা ঝাড়খণ্ড সীমান্তবর্তী রূপনারায়নপুর এইচসিএল ড্যাম্পের কাছে গোপন অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেফতার করে ডিটেকটিভ ডিপার্টমেন্ট বা ডিডির বিশেষ নজরদারি দল। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২টি সেভেন এমএম পিস্তল ও ১টি দেশি একনলা বন্দুক ।













গোয়েন্দা বিভাগ সূত্রে খবর, ভিনরাজ্য থেকে অস্ত্র এনে এই রাজ্যে বিক্রির ছক কষা হচ্ছিল। গোপন সূত্রে সেই খবর পৌঁছায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিডির কাছে। বৃহস্পতিবার রাতেই তথ্য পেয়ে এইচসিএল ড্যাম্পের কাছে ওঁত পেতে বসে ছিলেন গোয়েন্দারা। একটি মোটরবাইকে করে অস্ত্র নিয়ে যাওয়ার সময়ই হাতেনাতে ধরা পড়ে দু’জন।
ধৃতরা হল সালানপুর থানার রাঙামাটির বাসিন্দা সুমিত গুপ্তা (২১) ও রূপনারায়নপুর নিউ মার্কেটের আরিয়ান বাল্মীকি (১৯)। পুলিশ ও ডিডির আধিকারিকদের অনুমান, বিহার ও ঝাড়খন্ডের কোন জায়গা থেকে পশ্চিমবঙ্গের কোথাও সরবরাহের জন্যই অস্ত্রগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। তারা বলেন, ধৃতদেরকে হেফাজতে নিয়ে জানার চেষ্টা করা হবে, তাদের সঙ্গে আর কে বা কারা আছে।শুক্রবার ধৃতদের আসানসোল জেলা আদালতের এসিজেএম আদালতে পেশ করা হলে বিচারক তাদের জামিন নাকচ করে ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

