কুলটিতে বেহাল ইস্কো রোড ট্রাফিক গার্ড পুলিশের উদ্যোগে গর্ত ভরাটের কাজ
*বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* টানা বৃষ্টিতে আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর নিউ রোড সংলগ্ন গুরুত্বপূর্ণ ইস্কো রোডের বিভিন্ন অংশে বড় বড় গর্ত তৈরি হয়েছে। এরফলে সমস্যায় পড়েছেন গাড়ি চালক ও পথচারীরা। গর্তে বৃষ্টির জল জমে থাকায় দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়েছিল। পরিস্থিতি দেখে শুক্রবার নিয়ামতপুর সাব-ট্রাফিক পুলিশের উদ্যোগে জেসিবি নামিয়ে রাস্তার ক্ষতিগ্রস্ত অংশে গর্ত ভরাট ও উঁচু-নিচু অংশ সমান করার কাজ শুরু হয়। গর্তগুলিতে ছাই ফেলে আপাতত রাস্তা চলাচলের উপযোগী করার চেষ্টা করা হয়।













নিয়ামতপুর নিউ রোড থেকে ইস্কো রোড হয়ে পুরুলিয়ার দিকে যাওয়ার এই গুরুত্বপূর্ণ রাস্তায় প্রতিদিন প্রচুর গাড়ি চলাচল করে। পুলিশের এই উদ্যোগে সাময়িক স্বস্তি মিললেও স্থানীয়দের দাবি, বৃষ্টি শেষ হলে রাস্তার স্থায়ী সংস্কারের পাশাপাশি জল নিকাশি ব্যবস্থাও উন্নত করা হোক। কারণ, রাস্তায় জল জমে থাকার ফলেই বারবার পিচ উঠে গিয়ে গর্ত তৈরি হচ্ছে। এর ফলে সমস্যায় পড়তে হচ্ছে সবাইকে।

