কুলটির তিনটি বোরোর সাফাইকর্মীদের নিয়ে বৈঠক, পুজোর আগে শহর পরিষ্কারে জোর পুর কমিশনারের
*বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল পুরনিগমের কুলটি বিধানসভা এলাকার তিনটি বোরো অফিসের সাফাইকর্মীদের নিয়ে বৈঠক করলেন পুর কমিশনার দিলীপ মিশ্র। শুক্রবার কুলটি বোরো কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও আবর্জনামুক্ত রাখার পাশাপাশি পুজোর আগে এলাকার পরিচ্ছন্নতা আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।এদিন প্রথমে বোরো ৮-এর সাফাই পরিদর্শক, সাফাই সুপারভাইজার এবং নির্মল সাথী কর্মীদের সঙ্গে বৈঠক করেন পুর কমিশনার। এলাকার সাফাই ব্যবস্থায় কোথায় কী সমস্যা রয়েছে, কর্মীদের কী ধরনের অসুবিধার মুখোমুখি হতে হচ্ছে, তা জানতে চান তিনি। দ্রুত সেই সমস্যাগুলির সমাধানের আশ্বাসও দেওয়া হয়।













এরপর বোরো ৯ এবং ১০-এর সাফাই আধিকারিক ও কর্মীদের সঙ্গেও পৃথকভাবে বৈঠক করা হয়।বৈঠকে পুর কমিশনার স্পষ্ট নির্দেশ দেন, কোনও এলাকাতেই যেন আবর্জনার স্তূপ জমতে না দেওয়া হয়। নিয়মিত সাফাইয়ের পাশাপাশি গারবেজ পয়েন্টগুলির উপর নজরদারি বাড়ানোর নির্দেশও দেওয়া হয়।
পরে, দিলীপ মিশ্র বলেন, শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও আবর্জনা জমতে না দেওয়ার লক্ষ্যে নিয়মিত বৈঠক করা হয়। কুলটি বোরো এলাকায় এই প্রথম এ ধরনের বৈঠক করা হয়েছে। পুজোর আগে কোথায় কোথায় গারবেজ পয়েন্ট রয়েছে, কীভাবে দ্রুত সাফাই করা যায় এবং গোটা এলাকা কীভাবে পরিষ্কার রাখা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। তাঁর দাবি, শ্রমিকের কোনও ঘাটতি নেই।
প্রতিটি ওয়ার্ড ও বোরোতে প্রয়োজনের তুলনায় দেড় থেকে দু’গুণ পর্যন্ত শ্রমিক রয়েছে। তবে কর্মীদের উপস্থিতি এবং কয়েকটি এলাকায় সঠিকভাবে নজরদারি না হওয়া নিয়ে কিছু সমস্যা রয়েছে। সেগুলি দ্রুত ঠিক করা হবে।দোকানদারদের জন্যও বিশেষ নির্দেশ দিয়েছেন পুর কমিশনার। প্রতিটি দোকানে নিজস্ব ডাস্টবিন রাখার কথা বলা হয়েছে।
পুরনিগমের গাড়ি বা ঠেলা গেলে সেই ডাস্টবিনের আবর্জনা সংগ্রহ করা হবে। রাস্তা বা প্রকাশ্য স্থানে আবর্জনা ফেলা সম্পূর্ণ বেআইনি বলেও তিনি জানান।পুর কমিশনার আরও জানান, কোনও দোকান বা বাজার থেকে দৈনিক প্রায় ১০০ কেজির বেশি বর্জ্য উৎপন্ন হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নিয়ম অনুযায়ী সেই বর্জ্য নিজেরাই প্রক্রিয়াকরণের ব্যবস্থা করতে হবে।
পুর কমিশনার বলেন, বাড়ি বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করে নির্দিষ্ট জায়গায় জমা করার পর দ্রুত তা সরিয়ে ফেলার ব্যবস্থা করা হচ্ছে। গোটা প্রক্রিয়ার উপর সাফাই পরিদর্শক এবং পুরনিগমের উচ্চপদস্থ আধিকারিকরা নজরদারি করছেন। যত্রতত্র জমি বা রাস্তার ধারে বর্জ্য ফেলা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আইনের আওতায় বেআইনি। তাই নাগরিকদেরও পুরনিগমের নির্ধারিত ব্যবস্থার মাধ্যমে বর্জ্য ফেলার আহ্বান জানানো হয়েছে।

