ASANSOLDURGAPUR

নগর নিগমের ওয়ার্ড সংখ্যা বাড়ানো নিয়ে দুর্গাপুরে সর্বদলীয় বৈঠক

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গাপুর নগর নিগমে ওয়ার্ডের সংখ্যা বাড়ানো নিয়ে শুক্রবার সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হল দুর্গাপুরের মহকুমাশাসকের দপ্তরে। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থেকে ওয়ার্ড পুনর্বিন্যাস ও সংখ্যা বৃদ্ধির বিষয় নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন উজ্জ্বল মুখোপাধ্যায় ও ধর্মেন্দ্র যাদব। বিজেপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন অভিজিৎ দত্ত ও দলের মুখপাত্র সুমন্ত মণ্ডল। কংগ্রেসের প্রতিনিধি হিসেবে ছিলেন কংগ্রেস নেতা দেবেশ চক্রবর্তী।

সিপিএমের হয়ে বৈঠকে যোগ দেন বিশ্বরূপ চট্টোপাধ্যায় ও সিদ্ধার্থ বসু। এছাড়াও বহুজন সমাজ পার্টির প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক অঙ্কিতা আগরওয়াল এবং দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম। ওয়ার্ডের সংখ্যা বৃদ্ধি এবং তার সঙ্গে যুক্ত পুনর্বিন্যাসের বিভিন্ন দিক নিয়ে বৈঠকে আলোচনা হয়।

কমিশন স্বীকৃত সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের দুর্গাপুর নগর নিগমের ওয়ার্ড সংখ্যা ৪৩ থেকে বাড়িয়ে ৫৩ করার একটা কপি দেওয়া হয়েছে। বৈঠকের পরে রাজনৈতিক দলের নেতারা বলেন, আমরা গোটা দলের তরফে নিজেদের মতো করে আলোচনা করে প্রশাসনকে জানাবো। প্রসঙ্গতঃ, ২০১৭ সালে শেষবার দুর্গাপুর নগর নিগমের ভোট হয়েছিলো। সেই বোর্ডের মেয়াদ ২০২২ সালে শেষ হয়ে যায়। তৃণমূল কংগ্রেসের সরকার তারপরে আর এখানে ভোট করায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *