ASANSOL

আসানসোলে ১৯ নং জাতীয় সড়কে পথ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী ও বাসে ধাক্কা গাড়ির, আহত ৫

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলে ১৯ নম্বর জাতীয় সড়কে রবিবার দুপুরে একটি পথ দুর্ঘটনা ঘটে। আসানসোল দক্ষিণ থানার ঘাগরবুড়ি মন্দির সংলগ্ন দুর্গাপুরগামী লেনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি চারচাকা গাড়ি প্রথমে পথচারী ও পরে একটি ট্যুরিস্ট বাসে ধাক্কা মারে।এই দুর্ঘটনায় চার পথচারী ও চারচাকা গাড়ির চালক আহত হন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন দুপুরে একটি চারচাকা গাড়ি দ্রুত গতিতে আসানসোলের ১৯ নং জাতীয় সড়কের কাল্লা মোড়ের দিক থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিলো । হঠাৎ ঘাগরবুড়ি মন্দির সংলগ্ন লেনে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশের ডিভাইডারে ধাক্কা মারে।

সেই সময় সেখানে মন্দির থেকে বেরিয়ে চারজন ডিভাইডারের কাছে রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়েছিলো। চারচাকা গাড়িটি এরপরে সেই চারজন পথচারীকেও ধাক্কা মারে । এরপর গাড়িটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্যুরিস্ট বাসের সাইডে ধাক্কা মেরে গাড়িটি থেমে যায়।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল দক্ষিণ থানা ও ট্রাফিক গার্ড পুলিশ। আহত চার পথচারী এবং চার চাকার গাড়ির চালককে দ্রুত আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।পুলিশ জানায়, চারচাকা গাড়িটিকে আটক করা হয়েছে। ঠিক কি কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারালো তা তদন্ত শুরু দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *