ASANSOLDURGAPUR

বাড়ির ভেতর থেকে হেঁচড়ে বার করার অভিযোগ রেলের গুড সাইটে পচাগলা দেহ উদ্ধার, চাঞ্চল্য দুর্গাপুরে

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়:* বাড়ির ভেতর থেকে টেনে হেঁচড়ে বার করে নিয়ে যাওয়া হয়েছে দেহ! মাটিতে টেনে নিয়ে যাওয়ার দাগও রয়েছে স্পষ্ট। আর সেই দেহই পড়ে রয়েছে দুর্গাপুরের বাঁকুড়া মোড় সংলগ্ন উড়ালপুলের নিচে রেলের গুড সাইটে। রবিবার সকালে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোকওভেন থানার পুলিশ।স্থানীয়দের অভিযোগ, রেলের গুড সাইটের পাশেই থাকা একটি বাড়ির ভেতর থেকে এই দেহটি টেনে হেঁচড়ে বাইরে বের করে নিয়ে যাওয়া হয়েছে। দেহ পড়ে থাকা জায়গা থেকে বাড়ির দিক পর্যন্ত মাটিতে টানার মতো দাগ রয়েছে বলেও দাবি স্থানীয়দের।

সেই দাগ ঘিরেই তৈরি হয়েছে রহস্য। যদিও দেহটি কিভাবে সেখানে এল, তা এখনও স্পষ্ট নয়। রেলের গুড সাইটে মাঝেমধ্যেই খালি ট্রাক দাঁড়িয়ে থাকে। রবিবারও বেশ কয়েকটি ট্রাক সেখানে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ফলে ঐ ব্যক্তির মৃত্যু কোথায় হয়েছে, কিভাবে হয়েছে এবং মৃত্যুর পর কিভাবে দেহটি সেখানে পৌঁছল তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। উদ্ধার হওয়া দেহটি পচাগলা অবস্থায় থাকায় এখনও মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৪৫ বছর।

মৃত ব্যক্তি এই এলাকার বাসিন্দা, নাকি অন্য কোথাও থেকে তাঁকে সেখানে নিয়ে আসা হয়েছিল, তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। মৃত্যুর কারণও এখনও জানা যায়নি। স্থানীয় বাসিন্দা শম্ভু দাস বলেন, এলাকারই একটি বাড়ির ভেতর থেকে টেনে বের করা হয়েছে দেহ। কারণ দাগ দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু এই দেহটি কার তা বোঝা যাচ্ছে না।অজ্ঞাত পরিচয় ঐ ব্যক্তির মৃত্যু কিভাবে হল এবং কিভাবে তাঁর দেহ রেলের গুড সাইটে এসে পৌঁছল, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে কোকওভেন থানার পুলিশ জানিয়েছে। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *