কুলটিতে ‘সেবা সেতু অভিযান’ শিবির পরিদর্শনে মন্ত্রী ডাঃ অজয় পোদ্দার
বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সমাজের শেষ প্রান্তে থাকা মানুষের কাছে সরাসরি পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২ অক্টোবর বৃহস্পতিবার থেকে ৪ অক্টোবর পর্যন্ত তিন দিনের ‘সেবা সেতু অভিযান’-র আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার কুলটি বিধানসভা এলাকাতেও বিশেষ শিবিরের আয়োজন করা হয়।এদিন শিবিরগুলিতে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত (পিডব্লিউডি) ও জনস্বাস্থ্য কারিগরি (পিএইচই) মন্ত্রী ডাঃ অজয় পোদ্দার।









তিনি বিভিন্ন শিবির ঘুরে দেখেন এবং সেখানে পরিষেবা প্রদানের ব্যবস্থাপনা খতিয়ে দেখেন। পাশাপাশি শিবিরে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের বিভিন্ন সমস্যা ও অভাব-অভিযোগের কথাও শোনেন।পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী ডাঃ অজয় পোদ্দার বলেন, এই অভিযানের মূল লক্ষ্য হল সরকারি প্রকল্প ও পরিষেবার সুবিধা কোনওরকম বাধা ছাড়াই সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া।




তিনি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ‘অন্ত্যোদয়’-এর ভাবনার উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সমাজের একেবারে শেষ সারিতে থাকা মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাঁদের স্বপ্ন পূরণের লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করা হচ্ছে।

