ASANSOLDURGAPUR

গ্যাস কানেকশন আপডেটের নামে সাইবার প্রতারণার অভিযোগ, দুর্গাপুরের বাসিন্দা খোয়ালন সাড়ে ৫৬ হাজার টাকা

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* গ্যাস কানেকশন আপডেট করানোর নাম করে ফোন, তারপর কথার ফাঁদে ফেলে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠলো। এইভাবেই আবারও সাইবার প্রতারণার শিকার হলেন দুর্গাপুরের বিধাননগরের বাসিন্দা সমীরণ বিশ্বাস। পরপর দু’টি লেনদেনে তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোট ৫৬ হাজার ৬০০ টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ। স্বাভাবিক ভাবেই এই ঘটনার পরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে, গত ৪ অক্টোবর বিধাননগরের সেক্টর ২-র এলাকার বাসিন্দা সমীরণ বিশ্বাসের কাছে গ্যাস কানেকশন আপডেট করার নাম করে একটি ফোন আসে।

অভিযোগ, ফোনের মাধ্যমে তাঁর বিশ্বাস অর্জন করে ব্যাংক সংক্রান্ত তথ্য হাতিয়ে নেয় প্রতারকরা। এরপরই তাঁর মোবাইলে একের পর এক টাকা কেটে নেওয়ার ম্যাসেজ আসতে শুরু করে। প্রথমে কানাড়া ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ৫৫ হাজার টাকা। পরে আরও ১ হাজার ৬০০ টাকা তুলে নেওয়া হয় বলে অভিযোগ। অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হওয়ার মেসেজ পেয়েই তড়িঘড়ি সাইবার ক্রাইম হেল্পলাইন ১৯৩০ নম্বরে যোগাযোগ করেন সমীরণবাবু।

পাশাপাশি, জাতীয় সাইবার ক্রাইম পোর্টালেও অনলাইনে অভিযোগ জানান তিনি। একাধিক ব্যাংকের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে নিজের ডেবিট কার্ডও ব্লক করান। ঘটনার পর দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সমীরণ বিশ্বাস। এই ঘটনায় উদ্বেগে রয়েছেন তিনি ও তাঁর পরিবারের সদস্যরা।পুলিশ জানায়, অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *