ASANSOL

ঝাড়খণ্ড থেকে আসা অবৈধ কয়লা বোঝাই ট্রাকের পেছনে ধাওয়া পুলিশের, আসানসোলে ব্যাঙ্ক ভবনে ধাক্কা, পলাতক চালক

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* ঝাড়খণ্ড থেকে কয়লা বোঝাই একটি ট্রাককে ঘিরে রবিবার সকালে চাঞ্চল্য ছড়াল এলাকায়। অভিযোগ, ট্রাকে অবৈধভাবে কয়লা পরিবহণ করা হচ্ছিল। কুলটি থানার বরাকরের ডুবুরডিহি চেকপোস্টে পুলিশ ট্রাকটিকে আটকানোর চেষ্টা করে। কিন্তু চালক ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করে। এরপরই ট্রাকটির পিছু ধাওয়া করে পুলিশ।পুলিশের ধাওয়ায় ট্রাকটি আসানসোল উত্তর থানার ১৯ নং জাতীয় সড়কের জুবলি এলাকার ব্যাঙ্ক মোড়ে পৌঁছায়।

সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি একটি পুরনো ব্যাঙ্কের ভবনে ধাক্কা মারে। ঘটনার পর ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।সূত্রের খবর, পুলিশ ট্রাকটিকে আটক করে পরবর্তী পদক্ষেপের জন্য আসানসোল উত্তর থানার কন্যাপুর ফাঁড়ির হাতে তুলে দিয়েছে। অন্যদিকে, স্থানীয় বাসিন্দাদের তরফে অভিযোগ উঠেছে, রাতের অন্ধকারে কয়লা বোঝাই ট্রাক পাঁচগাছিয়া ও জুবিলি মোড় এলাকা দিয়ে দুর্গাপুর এবং কলকাতার দিকে নিয়ে যাওয়া হয়।

এই অভিযোগ ঘিরে প্রশ্ন উঠছে, যদি অবৈধভাবে কয়লা পরিবহণ হয়ে থাকে, তাহলে তা বন্ধ করতে পুলিশ প্রশাসন কি পদক্ষেপ করছে?পুলিশ জানায়, আটক করা ট্রাকের চালক পলাতক। তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *