দুর্গাপুজো উপলক্ষে দুর্গাপুরে দু’দিনের উৎসব
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গাপুজো ২০২৬-কে সামনে রেখে ‘মায়ের আশীর্বাদে মুখরিত পশ্চিমবঙ্গ’ ভাবনায় দুর্গাপুরে আয়োজন করা হয়েছে দু’দিনব্যাপী উৎসব। ” মায়ের আগমনে আনন্দ দুর্গাপুর জুড়ে ” শীর্ষক এই উৎসব হচ্ছে দুর্গাপুরের গান্ধী ময়দানে। সাংস্কৃতিক অনুষ্ঠান-সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও দুর্গোৎসবের আবহকে তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য। কলকাতার বাইরে রাজ্যের সাতটি জায়গায় শুরু হয়েছে এই দু’দিনব্যাপী উৎসব।











রবিবার প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী ডাঃ অজয় পোদ্দার। এছাড়াও ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক বা ডিএম এস পোন্নাবলম, আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার বা সিপি ডাঃ প্রণব কুমার, বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, অরিজিৎ রায়, লক্ষণ চন্দ্র ঘরুই, চন্দ্রশেখর বন্দোপাধ্যায় সহ প্রশাসনের আধিকারিকরা।
দুর্গাপুজোকে কেন্দ্র করে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও বৃহত্তর পরিসরে তুলে ধরার পাশাপাশি উৎসবের আনন্দ সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে। দু’দিনের এই আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকছে নানা আকর্ষণীয় কর্মসূচি। উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে সঙ্গীত পরিবেশন করবেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায়।


