দেবীপক্ষের প্রথম দিনে আসানসোল রামকৃষ্ণ মিশনে শুরু ” মা সারদা অন্নপূর্ণা প্রকল্প “
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গাপূজার দেবীপক্ষের প্রথম দিন রবিবার সকালে আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রম রামকুমার খৈতান শিক্ষা সদন ট্রাস্টের সহায়তায় ‘মা সারদা অন্নপূর্ণা প্রকল্প’ নামে একটি নতুন সেবামূলক কাজ শুরু করলো। এই প্রকল্পের আওতায় পার্শ্ববর্তী গ্রামের ৫০ জন অভাবী বিধবাকে প্রতি মাসে রেশন কিট (চাল ২ কেজি, আটা ১ কেজি, চিড়ে ১ কেজি, সর্ষের তেল, মুসুর ডাল, মুড়ি, জিরা গুঁড়ো, লঙ্কা, হলুদ, ধনে, চিনি, নুন, আলু ২ কেজি, সাবান, চুলের তেল, বোরোলিন) দেওয়া হবে।











এউ প্রকল্পের উদ্বোধন করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের সহকারী সাধারণ সম্পাদক স্বামী বলভদ্রানন্দজী মহারাজ। এই উপলক্ষে হওয়া এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। তিনি বলেন, বাঙালির প্রাণের উৎসব হলো দুর্গাপূজা।
উৎসবের আনন্দের পরশ যেন সমাজের প্রতিটি মানুষের হৃদয় স্পর্শ করতে পারে, কেউ যেন আনন্দের এই দিনগুলি থেকে বঞ্চিত না থাকেন, এই মানবিক ভাবনাকে সামনে রেখে আসানসোল রামকৃষ্ণ মিশনে ” মা সারদা অন্নপূর্ণা প্রকল্প ” এদিন থেকে শুরু হলো। এর মাধ্যমে দুঃস্থ মানুষের হাতে অন্ন ও বস্ত্র তুলে দেওয়া হবে। এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী সোমাত্মানন্দজী মহারাজ সহ অন্যান্যরা।
দুর্গাপূজো উপলক্ষে নতুন বস্ত্র বিতরণ আসানসোল রামকৃষ্ণ মিশনের


দুর্গাপুজো উপলক্ষে আসানসোল রামকৃষ্ণ মিশনে রবিবার সমাজের পিছিয়ে পড়া ও প্রান্তিক মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়ার জন্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে আসানসোল উত্তরের বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, আসানসোল রামকৃষ্ণ মিশনের মহারাজ ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
দূর্গাপুজোকে সামনে রেখে আনন্দ ও আলোয় সেজে উঠছে আসানসোল শহর। সেই আনন্দের রং ছড়িয়ে পড়ুক সমাজের প্রতিটি স্তরের প্রতিটি মানুষের জীবনে। সকলেই যেন আপনজনদের সঙ্গে আনন্দে, শান্তিতে ও সুন্দরভাবে দুর্গাপুজো কাটাতে পারেন, সেই উদ্দেশ্যকে সামনে রেখে এই উদ্যোগ আসানসোল রামকৃষ্ণ মিশনের তরফে নেওয়া হয়েছে।

