ASANSOL

ভুল পথে ঢুকে পানাগড়ে রেললাইনে আটকালো সিমেন্ট বোঝাই ট্রাক , গ্রেফতার চালক

*বেঙ্গল মিরর, পানাগড়, রাজা বন্দোপাধ্যায়ঃ* পানাগড় বাইপাস সংলগ্ন রেল ব্রিজের নিচে শনিবার রাতে ঘটলো এক দুর্ঘটনা। ভুল পথে গিয়ে একটি সিমেন্ট বোঝাই ট্রাক সোজা উঠল রেললাইনের উপরে। ট্রাক চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে ভাগ্য ক্রমে দুর্ঘটনাটি শিল্প তালুকের সংযোগকারী শাখা লাইনে হওয়ায় বড়সড় কোনো রেল বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে পানাগড় শিল্প তালুক থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক পানাগড় বাইপাসের দিকে আসছিল। ট্রাকটি দ্রুত গতিতে থাকার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ভুল রাস্তায় ঢুকে পড়েন।

সোজাসুজি রেললাইনের ওপর উঠে পড়ে ট্রাকটি আটকে যায়।ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ, বুদবুদ থানার পুলিশ এবং পানাগড় আরপিএফ পোস্টের জওয়ানরা। পরিস্থিতি জটিল হতে পারে ভেবে কোন বড়সড় বিপদ বা অগ্নিকাণ্ড এড়াতে ঘটনাস্থলে আনা হয় দমকল একটি ইঞ্জিনও।

পরে একটি হাইড্রা ক্রেনের সাহায্যের বেশ কিছুক্ষণ ধরে চেষ্টা চালানোর পর আটকে থাকা সিমেন্ট বোঝাই ট্রাকটিকে রেললাইন থেকে সরানো সম্ভব হয়। পানাগড় আরপিএফের পক্ষ থেকে মদ্যপ লরি চালককে গ্রেফতার করা হয়েছে। সিমেন্ট বোঝাই ট্রাকটিকেও আটক করা হয়েছে। পুরো ঘটনাটির তদন্ত শুরু করা হয়েছে বলে রেল পুলিশ ও বুদবুদ থানার পুলিশ জানানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *