ঝাড়খণ্ড নম্বরের চারচাকা গাড়িকে পুলিশের ধাওয়া আসানসোলে ১৯ নং জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা, আটক ১
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* ঝাড়খণ্ড নম্বরের একটি চারচাকা গাড়িকে পুলিশের ধাওয়া। সেই ধাওয়া ও পুলিশের হাত থেকে বাঁচতে পালাতে গিয়ে ১৯ নং জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সেই চারচাকা গাড়ি ডিভাইডারে ধাক্কা মারে। তার আগে ঐ চারচাকা গাড়ির ধাক্কা মারা থেকে বেশ কয়েকটি মোটরবাইক কোনক্রমেই বেঁচে যায়। রবিবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে আসানসোলের গোবিন্দনগর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, গাড়িতে থাকা তিনজন কোন অপরাধের সঙ্গে যুক্ত থাকতে পারে।













তাঁদের ধরতেই ঐ চারচাকা গাড়ির পেছনেই ধাওয়া করছিল পুলিশের গাড়ি। ধাক্কা মারার পরে একজন পুলিশের হাতে ধরা পড়ে যায়। বাকি দুজন এলাকা থেকে পালিয়ে যায়। জানা গেছে, পুলিশের হাত থেকে বাঁচতে গাড়িটি নিয়ে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করছিলো চালক। সেই সময় গোবিন্দনগরের সামনে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর গাড়িটি সজোরে ডিভাইডারে ধাক্কা মারে।
দুর্ঘটনার পর গাড়িতে থাকা দু’জন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। অন্য এক ব্যক্তিকে আটক করে পুলিশ।ঘটনার পর গোটা এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পাশাপাশি, পলাতক দু’জনের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।তবে গাড়িতে থাকা ব্যক্তিদের অপরাধের সঙ্গে যোগ থাকার সূত্র এবং পুলিশের ধাওয়া করার কি কারণ, তা নিয়ে পুলিশের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

