দুর্গাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, জাতীয় সড়কে ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত তিন
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* সপ্তমীর সকালে দুর্গাপুরের ১৯ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাইকে থাকা তিনজনের। মৃতদের মধ্যে দুই বন্ধু ও তাঁদের এক বান্ধবী রয়েছেন বলে জানা গেছে। দুর্গাপুরের ভিড়িঙ্গি মোড় থেকে পিয়ালার দিকে যাওয়ার পথে একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে বাইকটি। সংঘর্ষের জেরে বাইক থেকে ছিটকে পড়েন তিনজনই। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা করে তিনজন মৃত বলে ঘোষণা করেন। মৃতদের মধ্যে দুজনের নাম সায়ন গোস্বামী ও তন্ময় ঘোষ। এদের দুজনের বাড়ি আসানসোলের হিরাপুর থানার বার্নপুরে। মৃতা কৃষ্ণা গাঙ্গুলীর বাড়ি বাঁকুড়ায় বলে জানা গেছে।











পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে ভিড়িঙ্গি মোড় থেকে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে পিয়ালার দিকে যাচ্ছিল বাইকটি। সেই সময় রাস্তায় চলন্ত একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে বাইকটি। ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে বাইকে থাকা তিনজনই রাস্তায় ছিটকে পড়েন। দুর্ঘটনার পর জাতীয় সড়কে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ট্রাফিক পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা সত্ত্বেও তাঁদের বাঁচানো সম্ভব হয়নি বলে পুলিশ জানায়।দুর্ঘটনার খবর পেয়ে মৃত তিনজনের পরিবারের সদস্যরা দুর্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।



