ASANSOLRANIGANJ-JAMURIA

জামুড়িয়ায় তালা বন্ধ বাড়িতে দুঃসাহসিক চুরি, তদন্তে পুলিশ

*বেঙ্গল মিরর, জামুড়িয়া, চরণ মুখার্জি ও রাজা বন্দোপাধ্যায়ঃ* জামুরিয়ার বিজপুর এলাকায় রাস্তার ধারে এক শারীরিকভাবে অক্ষম বা প্রতিবন্ধী গ্যারেজ মেকানিকের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো। বাড়ির সদস্যদের অনুপস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে চোরেরা তিনটি লক লাগানো দরজা ভেঙ্গে আলমারিতে থাকা নগদ প্রায় ৫০ গ্রাম সোনার গহনা ও ১০০ গ্রাম রুপোর গহনা সহ শাড়ির ভাঁজে রাখা নগদ প্রায় ৩৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে জামুরিয়া থানার পুলিশ পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গেছে, জামুড়িয়ার বিজপুরের বাসিন্দা প্রতিবন্ধী গ্যারাজ মেকানিক গণেশ গড়াই শুক্রবার ঝাড়খন্ডে তার শ্বশুরবাড়িতে স্ত্রীকে আনতে গেছিলেন। রাত হয়ে যাওয়ায় তিনি শ্বশুর বাড়িতেই ছিলেন।

শনিবার সকালে তিনি বাড়ি পৌঁছে দেখেন বাড়ির সদর দরজার তালা ঠিক রয়েছে। তবে বাড়ির ভেতরে ঢুকেই তিনটে লক দেওয়া দর জা ভাঙ্গা দেখে আতঙ্কে আঁতকে উঠেন । এক ছেলে, এক মেয়ে,ও স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ির ভেতরে ঢুকেই হতবাক হন তিনি। দেখেন বাড়ির মধ্যে থাকা মূল্যবান সামগ্রী রাখা আলমারির দরজা ভাঙ্গা। তার দাবি, আলমারিতে মেয়ের জন্য রাখা ৫০ গ্রাম ওজনের সোনার গহনা ও প্রায় ১০০ গ্রাম ওজনের রুপোর গহনা রাখা ছিল।

আর এর সঙ্গে আলমারিতে রাখা স্ত্রীর শাড়ির ভাঁজে লুকিয়ে রাখা ছেলে ও মেয়ের স্কুলের ফি ও লক্ষ্মীপূজোর জন্য প্রায় ৩৫ হাজারও টাকা ছিল। শাড়ি সহ সবকিছু উলটপালট করে চোরেরা তা চুরি করে নিয়ে যায়। তবে পাশের ঘরেই এক আলমারিতে রাখা এক থলে ভর্তি কয়েন কিন্তু হাত দেয়নি চোরেরা। ছোট কয়েন দীর্ঘদিন ধরে মজুদ করা ছিল। তা বাজারে কেউ নিতে চায় না বলেই, সেই কয়েনগুলি ফেলে যায় চোরেরা। আর সে সঙ্গেই ঠাকুর ঘরে ঢুকলেও সেখানে থেকে কোন সামগ্রী চুরি করেনি চোরের দল।

এই ঘটনাটি একেবারে জামুড়িয়ার প্রধান সড়কের উপরে ঘটে। চোরের দলের টার্গেট নির্জন এলাকার সেই বাড়ি, যে বাড়ির সদর দরজার তালা লাগানো থাকে । তা দেখেই কি চোরের দল এই বাড়িকে টার্গেট করেছিলো বলে গৃহকর্তার দাবি। শনিবার সকালে জামুড়িয়া থানার পুলিশ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সমস্ত ঘটনার তদন্ত শুরু করে। আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

এলাকার বাসিন্দাদের দাবি, কয়েকদিন আগেই এই এলাকা থেকে কিছুটা দূরে এসবি আই ব্যাংকের কাছে দুষ্কৃতি দল চুরির চেষ্টা করেছিল। কিন্তু সে ক্ষেত্রে সফল হয়নি চোরেরা। তবে এবার ফাঁকা বাড়ি পেয়ে চুরি করে প্রতিবন্ধী পরিবারকে নিঃস্ব করল চোরের দল।পুলিশ জানায়, গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *