ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

চিত্তরঞ্জনের ক্লাবে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, তদন্তে পুলিশ

*বেঙ্গল মিরর, চিত্তরঞ্জন, রাজা বন্দোপাধ্যায়ঃ* রেল শহর চিত্তরঞ্জনের অন্যতম আকর্ষণীয় পর্যটনস্থল গঙ্গা বোট ক্লাবে এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ উঠলো। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ও শোরগোল পড়েছে রেল শহরে। এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত অন্যতম জনপ্রিয় এই এলাকায় শুক্রবার সন্ধ্যের সময় হওয়া এই ঘটনায় ঐ এলাকার সুরক্ষা ব্যবস্থা নিয়ে বড়সড়ো প্রশ্ন উঠছে সাধারণ মানুষের। ‌পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ পড়শি রাজ্য ঝাড়খণ্ডের মিহিজামের এক ব্যক্তি তার নাবালিকা কন্যাকে এবং শ্যালিকার সাথে চিত্তরঞ্জনের বোট ক্লাবে ঘুরতে আসেন।

ঐ ব্যক্তি নিজেদের মধ্যে যখন গল্পগুজব করছিলেন সেই সময় হঠাৎ করেই এক অপরিচিত ব্যক্তি তার সাড়ে ১০ বছরের মেয়ের সাথে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। অপরিচিত এক ব্যক্তি তার গায়ে অসংযতভাবে হাত দিয়েছে বুঝতে পেরেই নাবালিকাটি চিৎকার করে উঠে। যদিও এই ঘটনার পরেই অভিযুক্ত ব্যক্তিটি এলাকা ছেড়ে পালিয়ে যায়।

বিষয়টি জানতে পারা মাত্রই আরপিএফ এবং চিত্তরঞ্জন থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং তদন্তে নামে। ‌ সেখানকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা ও তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ জানায়, এই ঘটনা নিয়ে অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু হয়েছে।

এদিকে এই ঘটনায় গঙ্গা বোট ক্লাবে ঘুরতে যাওয়া মানুষজনের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। ‌ তবে কোনভাবেই যাতে দুষ্কৃতি ছাড়া না পায় তার জন্য উদ্যোগ নিয়েছে পুলিশ প্রশাসন। পাশাপাশি এই ধরনের কোনো ঘটনা যাতে আর না ঘটে তার নিশ্চিত করতে বোট ক্লাব কর্তৃপক্ষকে সতর্ক করেছে পুলিশ।ক্লাবের তরফেও এই ঘটনার পরে নিজেদের মধ্যে আলোচনা শুরু করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *