রুপনারায়নপুরে আগ্নেয়াস্ত্র সহ ধৃত এক যুবক
*বেঙ্গল মিরর, রুপনারায়নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* বড় ধরনের অপরাধের ছক বানচাল করে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে একটি দেশি বন্দুক ও তাজা কার্তুজ সহ এক যুবককে হাতেনাতে গ্রেফতার করল আসানসোলের সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। ধৃত যুবকের নাম গোবিন্দ যাদব। ধৃতের বাড়ি ঝাড়খণ্ডের মিহিজাম এলাকায়।পুলিশ সূত্রে জানা যায়, রূপনারায়ণপুরের মালবহাল মাঠে এক দুষ্কৃতী অস্ত্র নিয়ে ঘাপটি মেরে বসে রয়েছে এমন গোপন খবর শুক্রবার রাতে আসে রুপনারায়নপুর ফাঁড়ির পুলিশের কাছে।













সেই খবর পাওয়া মাত্রই রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশের একটি বিশেষ টিম দ্রুত মালবহাল মাঠে হানা দেয়। চারপাশ থেকে ঘিরে ধরে হাতেনাতে পাকড়াও করা হয় গোবিন্দ যাদবকে। তল্লাশি চালাতেই তার কাছে থেকে উদ্ধার হয় একটি দেশি বন্দুক ও এক রাউন্ড কার্তুজ।পুলিশের প্রাথমিক তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
ধৃত গোবিন্দার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। মাত্র কয়েক মাস আগেই আছড়ায় একটি সংঘর্ষের সময় শূন্যে গুলি চালানোর মতো চাঞ্চল্যকর ঘটনায় তার যোগ মিলেছিল। পুলিশের অনুমান, কোন বড় ধরনের অপরাধ সংঘটিত করতেই সে আগ্নেয়াস্ত্র নিয়ে মালবহাল মাঠে জড়ো হয়েছিল।
শনিবার ধৃত গোবিন্দ যাদবকে আসানসোল আদালতে পাঠানো হয়। এই আগ্নেয়াস্ত্র সে কোথা থেকে পেল এবং এর নেপথ্যে অন্য কোনো বড় চক্রের হাত রয়েছে কি না, তা জানতে আদালতে ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ।

