আসানসোলে লেবার ওয়েলফেয়ার বোর্ডের ট্রেনিং সেন্টার পরিদর্শনে শ্রম মন্ত্রী, কর্মসংস্থানে বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণ দেওয়ার ভাবনা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ ( Asansol News Live Today ) পশ্চিম বর্ধমান জেলার মধ্যে আসানসোল ও দূর্গাপুর একটা বড় শিল্পাঞ্চল। এখানে অনেক কলকারখানা আছে। সেইসব কলকারখানায় প্রশিক্ষণপ্রাপ্ত যুবক ও যুবতীদের কাজের জন্য দরকার রয়েছে। সেই কারণে রাজ্য সরকারের শ্রম দপ্তর এখানকার শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের প্রশিক্ষণ দেওয়ার ভাবনা নিয়েছে বলে জানালেন রাজ্যের শ্রম মন্ত্রী বেচারাম মান্না ( Labour Minister Becharam manna ) । বৃহস্পতিবার সকালে আসানসোলের কন্যাপুরে শ্রম দপ্তরের অধীনে লেবার ওয়েলফেয়ার বোর্ড ভবনে ট্রেনিং সেন্টার পরিদর্শন করেন শ্রম মন্ত্রী। তার সঙ্গে ছিলেন শ্রম দপ্তরের প্রধান সচিব বরুণ রায় সহ অন্য আধিকারিকরা।














শ্রম মন্ত্রী বলেন, দপ্তরের বয়লার ডাইরেক্টরের অধীনে লেবার ওয়েলফেয়ার বোর্ডের ভবন প্রশিক্ষণ দেওয়ার ভাবনায় তৈরী করা হয়েছিলো। ঘুরে দেখে বুঝলাম সবকিছু এখানে ভালো আছে। পরিকাঠামোও রয়েছে। আসানসোলের খুব কাছে হওয়ায় যোগাযোগ ব্যবস্থাও রয়েছে। এখানে আসতে কোন সমস্যা নেই। মন্ত্রী বলেন, আসানসোল দূর্গাপুর বড় শিল্পাঞ্চল। পাশে রঘুনাথপুর রয়েছে। এখানে কাজ পাওয়ার সুবিধা রয়েছে। তাই শ্রম দপ্তর এখানকার শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের কাজ পাওয়ার সুবিধার জন্য প্রশিক্ষণ দেওয়ার ভাবনা নিয়েছে। বয়লার প্রশিক্ষণের পাশাপাশি অন্য হাতের কাজের ট্রেনিংও দেওয়া যেতে পারে। আমরা এদিন পরিদর্শনের পরে বসে একটা আলোচনা করবো। পরে কলকাতা ফিরে গিয়ে, আবার পর্যালোচনা করে দ্রুত এই ব্যাপারে সিদ্ধান্ত নেবো।
মন্ত্রী বলেন, প্রশিক্ষণের কাজে বিশেষজ্ঞ বা এক্সপার্টদের আনার পাশাপাশি সিআইআইয়ের মতো বনিকসভার পরামর্শ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
মন্ত্রী এদিন যে ভবন পরিদর্শন করেন, তার ঠিক পেছনেই সরকারি জমিতে বেশি কিছু বাড়ি রয়েছে। অভিযোগ বেআইনী ভাবে দখল করে সেইসব বাড়িতে অনেকেই দীর্ঘদিন ধরে বাস করছেন। এই প্রসঙ্গে মন্ত্রী বলেন, ঐ জায়গা দেখলাম। ঐ জায়গা খালি করে সেখানকার মানুষদের যাতে অন্যত্র ব্যবস্থা করা যায়, তারজন্য জেলাশাসকের সঙ্গে কথা বলা হবে।

