RANIGANJ-JAMURIA

রানিগঞ্জের পুলিশ ফাঁড়িতে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, বালি নিয়ে যাওয়া দিলেন হুঁশিয়ারী

রানিগঞ্জের হাড়ভাঙ্গা এলাকার বালির ট্রাক এক ব্যক্তিকে ধাক্কা মেরেছিলো হাসপাতালে মৃত্যু

বেঙ্গল মিরর, রানিগঞ্জ ও আসানসোল রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ ওভারলোড করে গাড়ি করে দামোদর থেকে বালি তুলে নিয়ে যাওয়া নিয়ে আবারও সরব হলেন আসানসোল দক্ষিণ বিধান সভার বিজেপি বিধায়ক তথা রাজ্য সম্পাদক অগ্নিমিত্রা পাল। আইন মেনে বালি নিয়ে যাওয়ার দাবি করে দিলেন চরম হুঁশিয়ারী। মঙ্গলবার তিনি এই নিয়ে পুলিশের পাশাপাশি রাজ্যের শাসক দল তৃনমুল কংগ্রেসের সমালোচনা করেন।


এদিন তিনি একটি ঘটনা প্রেক্ষিতে রানিগঞ্জ থানার নিমচা পুলিশ ফাঁড়িতে যান। সেখানে তিনি পুলিশ অফিসারের সঙ্গে কথা বলেন। পরে অগ্নিমিত্রা পাল সংবাদ মাধ্যমকে বলেন, এদিন আমি জানতে পারি রানিগঞ্জের হাড়ভাঙ্গা এলাকার বালির ট্রাক এক ব্যক্তিকে ধাক্কা মেরেছিলো। গত ১০ দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াই করার পরে এদিন তার হাসপাতালে মৃত্যু হয়েছে। এই ঘটনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দায়ী। বলা হয়েছে দামোদর নদী ড্রেজিং করার জন্য পলি তোলা হচ্ছে। কিন্তু সেই পলি কোথায়? পলির নামে তো টন টন বালি ট্রাকে তুলে পাচার করা হচ্ছে। এই এলাকার রাস্তা দিয়ে দিন-রাত সব সময় ট্রাকে করে ওভারলোড করে বালি নিয়ে যাওয়া হয়। কোন নিয়ম মানা হচ্ছে না। প্রতিদিন ৪০০/৫০০ ট্রাক ওভারলোড করে বালি নিয়ে যাওয়ায় রাস্তা বেহাল হয়ে পড়েছে। বলতে গেলে প্রতি দিন দূর্ঘটনা ঘটছে। রাস্তায় এলাকার বাসিন্দারা চলাচল করতে ভয় পাচ্ছেন। বাচ্চা ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছেনা।

বিজেপি বিধায়কের কটাক্ষ, পুলিশ সব জানে। তাদের তো টাকা তুলে জায়গায় জায়গায় পৌঁছাতে হয়। এদিন আমি পুলিশের সঙ্গে দেখা করে পরিষ্কার বলে দিয়েছি, নিয়ম মেনে বালি নিয়ে যেতে হবে। দলের কর্মীরা নজর রাখছে। পরিস্থিতির পরিবর্তন না হলে এবার এসে বৃহত্তর আন্দোলন করবো।
রানিগঞ্জ থানার পুলিশ অবশ্য বিজেপি বিধায়কের অভিযোগ নিয়ে কোন মন্তব্য করতে চাননি।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *