আসানসোলে তৃণমূলের ২৭ তম প্রতিষ্ঠা দিবস পালনে বিভিন্ন কর্মসূচির আয়োজন, ২৪ এর ভোটে দলের প্রার্থীকে জেতানোর আহ্বান
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ২৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সোমবার নতুন বছরের প্রথম দিন আসানসোল শহর সহ শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো।
আসানসোলের জিটি রোডের রাহালেন সংলগ্ন তৃণমূল কংগ্রেসের জেলা পার্টি অফিসে জেলা তৃণমূলের পক্ষ থেকে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, বোরো চেয়ারম্যান অনিমেষ দাস, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় অধীর গুপ্তা, মুকেশ ঝা সহ একাধিক কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
মন্ত্রী ও জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলন করেন। এই উপলক্ষে শান্তির প্রতীক পায়রা উড়ানো হয় এবং কেক কাটা হয়। এর সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। অনুষ্ঠানে সকল অতিথিরা যৌথভাবে ফিতা কেটে জাগো বাংলার একটি স্টলের উদ্বোধন করেন। জেলা হাসপাতালে রোগীদেরকে মিষ্টির প্যাকেট দেওয়া হয়।














অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী মলয় ঘটক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বামফ্রন্টের ৩৪ বছরের শাসনের অবসান ঘটে। আজ সারা দেশের মানুষ কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছে। এমন পরিস্থিতিতে আবারও দেশকে বাঁচানোর দায়িত্ব পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধে। আমরা সবাই মনে করি, তিনি অবশ্যই এই দায়িত্বটি খুব ভালভাবে পালন করতে পারবেন। কারণ সারা দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র নেত্রী যিনি এই দায়িত্ব পালন করতে পারেন। মন্ত্রী আরে বলেন, কাজি নজরুল ইসলাম বলেছিলেন, দেশে যখন সংকট থাকে, তখন যারা অগ্রণী ভূমিকা নেন তারা দেখেনা না সংকট হিন্দু না মুসলমানের উপর তা হচ্ছে কিনা। তারা দেখেন সংকট সাধারণ মানুষের উপর এসেছে। আজ আবারও দেশের ওপর সংকট চলছে।
এমন পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র নেত্রী যিনি দেশের দায়িত্ব নিতে পারেন। কারণ তিনি কে হিন্দু বা কে মুসলমান তাও তিনি চিন্তা করেন না, তিনি সবাইকে মানুষ হিসাবে বিবেচনা করেন এবং সকলের মুক্তির জন্য চেষ্টা করেন। তিনি বলেন যে, আসানসোলের মানুষ লোকসভা উপনির্বাচনে যেভাবে দলের প্রার্থীকে ৩ লাখেরও বেশি ভোটে জয়ী করেছিলেন, আসন্ন ২৪ এর লোকসভা নির্বাচনে সেইভাবেই প্রার্থী আরও বড় ব্যবধানে জয়ী করতে। তারজন্য আমাদের সবাইকে এখন থেকে কঠোর পরিশ্রম করতে ও ঝাঁপিয়ে পড়তে হবে।

