আমাদের পাড়া আমাদের সমাধানের শিবিরে জেলাশাসক
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : আমাদের পাড়া আমাদের সমাধানের শিবিরে পৌঁছে জেলাশাসক শিবির থেকেই সমাধান করলেন বেশ কিছু গ্রামবাসীর সমস্যা।পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের সাথে রানীগঞ্জ ব্লকের প্রত্যন্ত গ্রামীণ এলাকা তিরাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত, চেলোদ গ্রামের চেলোদ হাই স্কুলে , ২২৬, ২২৭ ও ২২৮ এই তিন বুথের এলাকাবাসীদের নিয়ে শুক্রবার সম্পন্ন হয়ে গেল আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি, একই সঙ্গে রাজ্য সরকারের ৯২ টি প্রকল্পকে বাস্তবায়িত করতে সম্পন্ন হল দুয়ারে সরকার কর্মসূচি। এদিনের এই কর্মসূচিতে সফল করার লক্ষ্যে চেলোদ হাইস্কুল চত্বরে উপস্থিত হন, পশ্চিম বর্ধমানের জেলাশাসক আইএএস, এস পোন্নাবালাম।














তিনি এদিন শিবিরে পৌঁছেই জনসাধারণের সঙ্গে মাটিতে বসেই তাদের অভাব অভিযোগের কথা জানেন। যেখানে বেশিরভাগ সদস্যই নিজেদের বৃদ্ধ পেনশন পাচ্ছেন না বলে জানান জেলা শাসক কে, যা শুনে তিনি অবিলম্বে আবেদন করতে বলেন, একই সাথে জানান দেন ডিসেম্বর ও জানুয়ারি মাসের মধ্যেই এই সমস্যার সমাধান করার জন্য তিনি উদ্যোগ নেবেন। সে সাথেই এলাকার যে হাট বসে সেখানে ব্যবসায়ীদের আলোর সমস্যা জেনে দুটি হাই মাক্স লাইট লাগানোর আবেদন শুনেন, যা জানতে পেরে তিনি এ বিষয়ে যাতে ব্যবস্থা গ্রহণ করা যায় তার জন্য আবেদন করতে বলেন। তবে এদিন এই কর্মসূচিতে হাজির এক বছর 62 বৃদ্ধা মহিলা সুদামা বাউরী, নিজের পেনশন না পাওয়ার বিষয়টি জানালে তা যাতে অবিলম্বে সুনিশ্চিত হয় সেই জন্য তৎক্ষণাৎ সেখানে উপস্থিত থাকা বি সি ডাব্লু অফিসার কে তিনি বিষয়টি জানালে সেখানেই সেই সমস্যার সমাধান করা হয়।
একই রূপ ভাবে এই শিবিরে উপস্থিত গ্রামের বাসিন্দা স্বপন মন্ডল অভিযোগ করেন চেলোদ গ্রামের প্রাইমারি স্কুলের দ্বিতল ভবন গড়ে ওঠা সম্ভব হচ্ছে না, শুধুমাত্র তার উপর দিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন ১১ হাজার ভোল্টের বিদ্যুৎবাহি তার চলে যাওয়ার জন্য, সে সম্পর্কে জানতে পেরে ওই অংশে যাতে দ্বিতল বিল্ডিং গড়ে তোলা যায়, সে ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। আর এ সকল সমস্যার সাথেই সেখানে নিত্যদিনের সমস্যা নিকাশি নালা সাফসাফাই যাতে সঠিকভাবে হয় সে সম্পর্কে জেনে নেন। জানা যায় এখানে নিজ তহবিলেই নিকাশী নালা সাফাই করার ব্যবস্থা গ্রহণ করা হয় পঞ্চায়েতের তরফে। আর এইসবের সাথেই এলাকায় যাতে ছোটদের খেলা ধুলোর জন্য একটি চিলড্রেন পার্ক গড়ে তোলার আর্জিও জানানো হয়।
আর তার সাথেই রাতে মানুষজনেদের যাতায়াতের জন্য, রাস্তায় যাতে পথবাতি লাগানোর উদ্যোগ নেয় প্রশাসন সে বিষয়েও দাবি ওঠে। এই সমস্ত বিষয়গুলি তিনি লিপিবদ্ধ করে, আগামীতে যাতে ব্যবস্থা গ্রহণ করা যায় তা নিয়ে উদ্যোগ নেবেন বলেই আশ্বাস দেন। এদিনের এই কর্মসূচিতে বিশেষভাবে উপস্থিত থাকতে দেখা যায় জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউরী, সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভদীপ গোস্বামী, জেলা পূর্ত কর্মাধ্যক্ষ স্বরূপ ব্যানার্জি, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মোহাম্মদ সাবির, পঞ্চায়েত প্রধান শিবদাস চ্যাটার্জী সহ বহু বিশিষ্টজনদের।

