পাণ্ডবেশ্বরে খেলা হবে ! নরেন্দ্রনাথ চক্রবর্তী জিতবেন ৪০ হাজারে, হুঙ্কার কেষ্ট মণ্ডলের
বেঙ্গল মিরর, পান্ডবেশ্বর, রাজা বন্দোপাধ্যায়ঃ* বৈশাখের শুরুতে প্রখর রোদে আবহাওয়া যতটা তপ্ত, তার চেয়ে বেশি তপ্ত ভোটের ময়দান। আর তার মাঝেই ফের স্বমহিমায় বীরভূমের ‘বেতাজ বাদশা’ অনুব্রত ওরফে কেষ্ট মণ্ডল! জেল থেকে ফেরার পরেও মেজাজ পাল্টায়নি একচুলও। এবার তাঁর নিশানায় পাণ্ডবেশ্বর। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে প্রচার করতে এসে কেষ্ট মন্ডল সাফ জানিয়ে দিলেন, এখানকার তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী জিতছেনই। আর এবারে তার জয়ের মার্জিন হবে পুরো ৪০ হাজার! আর ২৩০ থেকে ২৩৫ আসনে জিতে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থ বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হবেন। এমন মন্তব্যের মধ্যে দিয়ে এদিন বিরোধীদের কার্যত হুঁশিয়ারি দিলেন কেষ্ট মন্ডল।আসানসোল থেকে বীরভূম, রাজনীতির পারদ চড়াতে অনুব্রত মণ্ডলের একটা মন্তব্যই যথেষ্ট বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন।














পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্র নিয়ে এবার বড়সড় বাজি ধরলেন তিনি। এবার অনেকটাই আত্মবিশ্বাসী অনুব্রত মন্ডল।পাণ্ডবেশ্বরের মাটি তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত হলেও, এবারের লড়াইয়ে কোনো ফাঁক রাখতে রাজি নন তিনি। অনুব্রতর এই মন্তব্য কি কেবলই দলীয় কর্মীদের চাঙ্গা করতে, নাকি পর্দার আড়ালে কোনো বিশেষ ‘গেমপ্ল্যান’ তৈরি করে ফেলেছেন তিনি? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।অনুব্রত মণ্ডলের কথায়, “আমি বলছি মিলিয়ে নেবেন, নরেন চক্রবর্তী ৪০ হাজারে জিতবে। ওখানে বিরোধী বলে কিছু নেই। মানুষ উন্নয়ন দেখে ভোট দেবে। আর যারা কুৎসা করছে, তাদের রেজাল্টের দিন জবাব দিয়ে দেব। খেলা হবে এবং জেতাও হবে!অনুব্রত মণ্ডলের দাবি ইঙ্গিত দিচ্ছে যে বুথ স্তরে সংগঠনের রাশ এখনও তাঁর হাতেই।৪০ হাজারের লিড ঘোষণা করে আদতে বিজেপি এবং অন্যান্য বিরোধীদের ওপর মনস্তাত্ত্বিক চাপ তৈরি করতে চাইলেন কেষ্ট।
বিদায়ী বিধায়ক তথা প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর উপর দলের শীর্ষ নেতৃত্বের যে পূর্ণ আস্থা আছে, তা এই মন্তব্যে স্পষ্ট।পাণ্ডবেশ্বরের কয়লা খনি অঞ্চল কি সত্যিই অনুব্রতর এই ‘ভবিষ্যদ্বাণী’ সফল করবে? নাকি ফাটল ধরাবে বিরোধীরা? ৪০ হাজারের টার্গেট কি কেবলই গলার জোর, নাকি বাস্তবের প্রতিফলন? সেই নজর থাকবে ইভিএমে। জবাব মিলবে ৪ মে।

