আসানসোলে সাঁজোয়া গাড়ি নিয়ে রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ এমন ছবি সাধারণত দেখা যায় জন্মু কাশ্মীরের মতো উপদ্রুত এলাকায়। সেই ছবি এবার দেখা গেলো শহর আসানসোলে ভোটের ঠিক সাতদিন আগে বৃহস্পতিবার বিকেলে। আসানসোল উত্তর থানার রেলপারের ব্যস্ততম ও জনবহুল রেলপার এলাকায় এদিন দেখা গেলো জন্মু কাশ্মীরের নম্বর প্লেট লাগানো সেনাবাহিনীর সাঁজোয়া গাড়ি। সেই গাড়ির সামনে লাগানো নির্বাচন কমিশনের ব্যানার। তাতে লেখা হয়েছে, নির্বাচন কমিশনের কিছু কথা। সেই গাড়ির সঙ্গে হাতে ব্যানার নিয়ে রুট মার্চ করছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সঙ্গে রয়েছে আসানসোল উত্তর থানার পুলিশ।














রেলপারের ধাদকা স্কুলের সামনে থেকে শুরু হয় এই রুট মার্চ। রেলপারের পুরনো স্টেশন হয়ে তা যায় কাল্লা মোড় সংলগ্ন এলাকায়। স্বাভাবিক ভাবেই এই গাড়ি দেখতে এলাকার বাসিন্দাদের উৎসুক ছিলো চোখে পড়ার মতো। বঙ্গের নির্বাচন নিশ্ছিদ্র করতে নির্বাচন কমিশন বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। তারমধ্যে অন্যতম হলো এই সাঁজোয়া গাড়ি।

