ASANSOL

পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর বার্তার পরেই তৎপরতা বরাকরে অটো চলাচলে ট্রাফিক পুলিশের কড়া নজরদারি, জরিমানা আদায়

*বেঙ্গল মিরর, বরাকর, রাজা বন্দোপাধ্যায়:* দিন দুয়েক আগেই আসানসোলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বাংলা ঝাড়খণ্ড সীমান্ত এলাকায় ভিড় রাজ্যের অটো নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন। আর এরপরই তৎপর হলো আসানসোল দুর্গাপুর পুলিশের কুলটি থানার বরাকর সাব-ট্রাফিক গার্ড পুলিশ।শনিবার বরাকরের ব্যাগুনিয়া মোড় থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত অটো চালকদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয় বরাকর সাব ট্রাফিক গার্ড পুলিশের তরফে। এই অভিযানে গাড়ির বৈধ ফিটনেস না থাকায় ৪টি অটোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

প্রতিটি অটোর জন্য ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বরাকর সাব-ট্রাফিক গার্ডের ওসি বিনয় লায়েকের নেতৃত্বে এই অভিযান চলে। পাশাপাশি ভুল পার্কিং এবং অসম্পূর্ণ নথিপত্রের অভিযোগে আরও ৮-৯ জন অটো চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অটো চালকদের ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য সতর্কও করা হয়।

ট্রাফিক পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, অটো চালানোর সময় রেজিস্ট্রেশন, ফিটনেস, ইনস্যুরেন্স, বৈধ পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক। বৈধ নথিপত্র ছাড়া অটো চলাচল করলে আগামী দিনেও কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।পুজোর আগে এই ধরনের অভিযানে অটো চালকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে, বেশ কিছু অটো ঝাড়খণ্ডে রেজিস্ট্রেশন করিয়ে পশ্চিমবঙ্গে চলাচল করছে। তাদের বৈধ পারমিট বা প্রয়োজনীয় নথিপত্র নিয়ে প্রশ্ন রয়েছে। তবে ঝাড়খণ্ডের রেজিস্ট্রেশন করা অটোর সঠিক সংখ্যা বা কতগুলির বৈধ পারমিট নেই, তা সরকারি ভাবে নিশ্চিত করা হয়নি।শনিবারের অভিযানের পর অটো চালকদের মধ্যে নথিপত্র ঠিক করার তৎপরতা শুরু হয়েছে। ট্রাফিক পুলিশের এই অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *