বারাবনিতে ভোট প্রচারে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, দূর্নীতি ও সিন্ডিকেট নিয়ে তৃণমূলকে আক্রমণ, উৎখাতের হুঙ্কার
বেঙ্গল মিরর, বারাবনি (আসানসোল), রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* পশ্চিম বর্ধমান জেলার বারাবনি বিধানসভায় ভোটের প্রচারে এসে দূর্নীতি ও সিন্ডিকেট নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একইসঙ্গে তিনি আসন্ন নির্বাচনে বাংলা থেকে তৃণমূল কংগ্রেসকে উৎখাতের হুঙ্কার দিলেন যোগী। বৃহস্পতিবার সকালে বারাবনির বিজেপি প্রার্থী অরিজিৎ রায়ের সমর্থনে বারাবনি বিধানসভা কেন্দ্রের সালানপুর ব্লকে আছড়া গ্রামে যোগেশ্বর ইন্সটিটিউটশন মাঠে জনসভায় ভাষণ দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।














এদিনের এই সভায় তিনি বাংলার ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বের কথা তুলে ধরেন।ভাষণের শুরুতেই যোগী আদিত্যনাথ বলেন, বাংলা শুধু একটি রাজ্য নয়, এটি ভারতের চেতনার পুণ্যভূমি। এই মাটিই ভারতকে জাতীয় সংগীত এবং জাতীয় স্তোত্র উপহার দিয়েছে। তিনি আরো বলেন , স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর এবং রামকৃষ্ণ পরমহংসের মতো কালজয়ী ব্যক্তিত্বরা এই বাংলার মাটিতেই জন্মগ্রহণ করেছেন। যাঁদের আদর্শ আজও ভারতের সঙ্গে সারা বিশ্বকে পথ দেখায়।তৃণমূলকে আক্রমণ করে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করেন যোগী আদিত্যনাথ। দুর্নীতি ও সিন্ডিকেট রাজ প্রসঙ্গে তিনি বলেন, রাজ্যে বালি, কয়লা ও জমি মাফিয়াদের দৌরাত্ম বেড়েছে। কেন্দ্রীয় প্রকল্পের অর্থ সাধারণ মানুষের কাছে না পৌঁছে সিন্ডিকেটের পকেটে যাচ্ছে। এর পেছনে আছে তৃণমূল কংগ্রেসের নেতা ও মন্ত্রীরা।
বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যোগীর দাবি, গত ১৫ বছরে রাজ্যে আতঙ্ক ও ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। সাধারণ মানুষ থেকে বিরোধী দল সবাই আতঙ্কিত। ডাবল ইঞ্জিন সরকারের সুফল প্রসঙ্গে নিজের রাজ্যবউত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আমূল পরিবর্তনের উদাহরণ দেন যোগী আদিত্যনাথ। তিনি বলেন, ৯ বছর আগে উত্তরপ্রদেশেও অরাজকতা ছিল। কিন্তু ডাবল ইঞ্জিন সরকার আসার পর এখন সেখানে মাফিয়া ও গুন্ডারাজ শেষ হয়েছে। বাংলাকে ভয়মুক্ত, দাঙ্গামুক্ত ও নিরাপদ করতে তিনি এখানে ডাবল ইঞ্জিন সরকার গঠনের ডাক দেন।সভায় বিজেপি প্রার্থী অরিজিৎ রায়কে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান তিনি। একইসঙ্গে, উন্নয়ন ও বাংলার হৃত গৌরব পুনরুদ্ধার করতে বিজেপিকে ক্ষমতায় আনা প্রয়োজন বলে তিনি মনে করেন। যা একমাত্র করতে পারেন বাংলার মানুষ বলে যোগী আদিত্যনাথ দাবি করেন।

