ASANSOLDURGAPUR

দুর্গাপুরে বিক্ষোভ বাস না পেয়ে বিপাকে ভোট কর্মীরা

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* পর্যাপ্ত বাসের অভাবে বিপাকে ভোটকর্মীরা। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর সিটি সেন্টার বাসস্ট্যান্ডে মঙ্গলবার সকালে বিক্ষোভ দেখান তারা। বুধবার রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন হবে। সেই নির্বাচনের জন্য আসানসোল ও দুর্গাপুর শিল্পাঞ্চল থেকে মোট ৪,৭৮১ জন ভোটকর্মীকে বিভিন্ন জেলায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে । কিন্তু পর্যাপ্ত বাসের অভাবে মঙ্গলবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ডে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়।অভিযোগ, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বহু ভোটকর্মী বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকেন। ফলে নির্দিষ্ট সময়ে ডিসিআরসি কেন্দ্রে পৌঁছানো নিয়ে উদ্বেগ বাড়তে থাকে তাঁদের মধ্যে।

দীর্ঘক্ষণ অপেক্ষার পর ক্ষোভে ফেটে পড়েন ভোটকর্মীদের একাংশ। তারা সিটি সেন্টার বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ভোটকর্মীদের অভিযোগ, হাজার হাজার কর্মীকে বিভিন্ন জেলায় পাঠানোর জন্য পর্যাপ্ত পরিবহণের ব্যবস্থা আগে থেকেই নিশ্চিত করা উচিত ছিল নির্বাচন কমিশনের। কিন্তু তারা তা করেনি। সেই ঘাটতির জেরেই চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে তাঁদেরকে বলে অভিযোগ ।

নির্বাচনের কাজে যাওয়া এক ক্ষুব্ধ ভোটকর্মীর কথায়, সকাল নটা বেজে গেলেও, এখনও বুঝতে পারছি না কিভাবে ডিসিআরসি কেন্দ্রে পৌঁছাব। সেখানে গিয়ে সময়মতো দায়িত্ব পালন করতে পারব কি না, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। আমাদের তো কিছু করার নেই। ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়ায় সিটি সেন্টার বাসস্ট্যান্ড এলাকায়। মহকুমা প্রশাসনের তরফে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *