ASANSOLDURGAPUR

নিখোঁজ দ্বাদশ শ্রেণির ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য দুর্গাপুরে, তদন্তে পুলিশ

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার জেমুয়া এলাকায় নিখোঁজ এক দ্বাদশ শ্রেণির ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে শুক্রবার সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । মৃত ছাত্রের নাম শেখ রশিদুল (১৭)। এদিন সকাল এগারোটা নাগাদ এলাকার একটি চাষের জমির পাশের মাচা থেকে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয়।পরিবারের দাবি, রশিদুল বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বাথরুমে যাওয়ার কথা বলে বেরিয়েছিল। তারপর থেকেই তার আর কোনও খোঁজ পাওয়া যায়নি। শুক্রবার সকালে স্থানীয়দের কাছ থেকে তার খবর পায় পরিবারের সদস্যরা ।তারা ঘটনাস্থলে দেখেন, গলায় ফাঁসের দড়ি টিনের চালায় বাঁধা থাকলেও পা মাটিতে ঠেকেছিল।

এই কারণে পরিবারের মধ্যে উঠেছে একাধিক প্রশ্ন। পরিবারের অভিযোগ, এটি অস্বাভাবিক মৃত্যু একটা ঘটনা। তাই গোটা ঘটনার সঠিক তদন্ত হওয়া প্রয়োজন।মৃতের দাদা শেখ রিয়াজুল বলেন, বুধবার পানাগড়ের দিকে একটি মেয়ের সঙ্গে যাওয়ার সময় পুলিশ রশিদুলকে আটক করেছিলো। পরে তাকে ছেড়ে দেয়। সেদিন রাতে সে এক বন্ধুর বাড়িতে ছিল। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি।

খবর পেয়ে নিউ টাউনশিপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে প্রথমে দুর্গাপুর মহকুমা পাঠায়। পরে দেহ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়।পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে। পরিবারের তরফে কোন লিখিত অভিযোগ দায়ের করা হলে তার ভিত্তিতে তদন্ত করা হবে বলে পুলিশ জানায়।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *