রানিগঞ্জে পরিযায়ী শ্রমিক বোঝাই বাসে দুর্ঘটনা, মহিলা শিশু সহ আহত ৪
বেঙ্গল মিরর, রানিগঞ্জ, চরণ মুখার্জী ও রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রানিগঞ্জে বাস দুর্ঘটনা ঘটলো। শুক্রবার গভীর রাতে হওয়া এই বাস দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে, গত ২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফায় ভোট ছিলো। সেই ভোটদান সেরে দেশের বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেওয়া পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এই ঘটনায় এক মহিলা, একটি শিশু, মহিলার স্বামী এবং বাসের খালাসি সহ মোট চারজন আহত হন।শুক্রবার প্রায় রাত দুটো নাগাদ রানিগঞ্জে মঙ্গলপুর শিল্প তালুক এলাকার রানিগঞ্জ স্কোয়ারের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে।














প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কলকাতা দিক থেকে আসানসোলের দিকে যাচ্ছিলো এই বাসটি। রানিগঞ্জ স্কোয়ারের কাছ আচমকাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একাধিক ব্যানার-পোস্টার ও বিদ্যুতের খুঁটি ভেঙে ভেতরের দিকে ঢুকে পড়ে।এই বাসটিতে প্রায় ৬০ জন পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা ছিলেন। দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকার পাথরপ্রতিমার রামগঙ্গা থেকে ওল্ড দিল্লি হয়ে হরিয়ানার উদ্দেশ্যে যাচ্ছিলেন তাঁরা। হঠাৎ বিকট শব্দে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই আগুন লাগার আশঙ্কায় চিৎকার শুরু করেন।বাসের জানালার পাশে বসে থাকা একটি পরিবারের তিন সদস্য স্বামী, স্ত্রী ও তাঁদের ছোট ছেলে আহত হন। পাশাপাশি বাসের সামনের কেবিনে থাকা খালাসিও চোট পান। তবে আহতদের আঘাত গুরুতর নয়৷
স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রানিগঞ্জ থানার ও ট্রাফিক গার্ডের পুলিশ উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনাগ্রস্ত বাসটি রাস্তার ধারে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। যাত্রীদের অন্য বাসে করে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়।প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বাস চালকের অন্যমনস্কতা বা ঘুমের কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ বাসচালককে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে।উল্লেখ্য, গভীর রাতে ঘটনা ঘটায় এলাকায় ভিড় কম ছিল। দিনের বেলায় হলে এই দুর্ঘটনা থেকে বড় ধরনের কিছু ঘটতে পারতো বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

