বিজেপির জয়ের প্রভাব, দুর্গাপুর নগরনিগমে উড়লো গেরুয়া পতাকা পুর কমিশনারের সঙ্গে কথা জয়ী দুই বিধায়কের
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মাধ্যমে ১৫ বছর পরে রাজ্যে শাসন ক্ষমতার পালাবদলের আবহে মঙ্গলবার দুর্গাপুরে দেখা গেল এক নাটকীয় পরিস্থিতি। বিপুল সংখ্যায় বিজেপির কর্মী ও সমর্থকেরা দুর্গাপুর নগর নিগমের সামনে আসেন। তারা দুর্গাপুর নগর নিগমের উপরে দলের পতাকা লাগিয়ে দেন।নির্বাচনে দলের রেজাল্টে উচ্ছ্বসিত বিজেপির কর্মীরা পুরনিগম ভবনের উপরে উঠে জয়ের উদযাপনে মেতে ওঠেন।














এই সময় উপস্থিত ছিলেন দুর্গাপুরের নবনির্বাচিত দুই বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই এবং চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তাঁরা দুর্গাপুর নগরনিগমের ভেতরে গিয়ে কমিশনারের সঙ্গে বৈঠক করেন। বিভিন্ন বিষয় নিয়ে তারা পুর কমিশনারের সঙ্গে আলোচনা করেন।উল্লেখ্য, দুর্গাপুর নগর নিগম দীর্ঘদিন ধরেই প্রশাসনিক জটিলতার মধ্যে রয়েছে। শেষবার ২০১৭ সালে এখানে নির্বাচন হয়েছিল। এরপর ২০২২ সালের সেপ্টেম্বর মাসে পুর বোর্ডের মেয়াদ শেষ হয়ে যায়। তারপর আর দুর্গাপুর নগর নিগমের নির্বাচন হয়নি।
তখন থেকে রাজ্য সরকারের ঠিক করে দেওয়া পুর প্রশাসক বোর্ডের হাতেই নগর নিগমের দায়িত্ব রয়েছে। বর্তমানে সেউ বোর্ডের সদস্য সংখ্যা কমে মাত্র দুই করা হয়েছিল। যারা নগর নিগম পরিচালনা করছিলেন।এদিনের গোটা বিষয়টি নিজেদের প্রতিক্রিয়া লক্ষ্মণ ঘোড়ুই ও চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর গোটা রাজ্যে বিজেপির প্রভাব বিস্তার করছে। পুরনিগমও তার বাইরে থাকতে পারে না।
আমাদের কাছে খবর ছিলো, ভোটের রেজাল্ট বার হওয়ার সময় এখান থেকে বেশি কিছু ফাইল বার করে নিয়ে যাওয়া হয়েছে। সেই কথাই পুর কমিশনারের কাছে জানতে এসেছিলাম। কেন না পুর কমিশনার এখন সরকারের প্রতিনিধি। তারা আরো বলেন, তৃণমূল কংগ্রেসের শাসনকালে গত চার বছর ধরে নির্বাচন না হওয়া কোন জনপ্রতিনিধি দুর্গাপুর নগর নিগমে ছিলোনা। যে কারণে সাধারণ মানুষ পুর পরিসেবা পাওয়া থেকে বঞ্চিত হয়েছে। আমরা বলেছিলাম, রাজ্যে ক্ষমতা আসার ৬ মাসের মধ্যে দুর্গাপুর নগর নিগমে নির্বাচন হবে। দুই বিধায়কের দাবি, এবার তা করা হবে।

