ভোট পরবর্তী হিংসা অব্যাহত আসানসোলে তৃণমূল কাউন্সিলারের অফিসে আগুন, নিন্দায় বিজেপি বিধায়ক
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর পর থেকে বিজেপি নেতৃত্ব বারবার বলে আসছেন যে, বাংলায় কোন ধরনের হিংসা বরদাস্ত করা হবে না। তারা কড়া বার্তা দিচ্ছেন। কিন্তু, তারপরেও অপ্রীতিকর ঘটনার ধারা অব্যাহত রয়েছে। মঙ্গলবার রাতে আসানসোলের কোর্ট মোড় সংলগ্ন এলাকায় বার্নপুর রোডে আসানসোল পুরনিগমের ৫২ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর মৌসুমী বসুর অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঐ অফিসের পাশে একটি কেকের দোকানেও সেই আগুন ছড়িয়ে পড়ে। গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনার খবর পেয়ে আসানসোল উত্তর বিধানসভার নবনির্বাচিত বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান ও পরিস্থিতি খতিয়ে দেখেন।














খবর পেয়ে এলাকায় আসে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিক এবং দমকল বাহিনীর কর্মীরাও ছুটে আসেন। দমকলকর্মীরা দীর্ঘক্ষণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন। ঘটনাচক্রে এই অফিসের অদূরে বিজেপি বিধায়কের দলীয় কার্যালয়।এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক বলেন , বিজেপির শীর্ষ নেতারা বলেছেন নির্বাচনের পর কোন হিংস বরদাস্ত করা হবে না। কিন্তু তারপরেও সারা বাংলা জুড়েই এমন ঘটনা দেখা যাচ্ছে। কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন , এটি বিজেপিকে বদনাম করার একটি ষড়যন্ত্র হতে পারে। আমি দলের মিটিংয়ে অফিসে ছিলাম।
তখন কাউন্সিলার আমাকে এই আগুন লাগার খবর দেন। আমি সঙ্গে সঙ্গে পুলিশকে জানাই। তারপরে এখানে আসি। তিনি আরো বলেন, এই এলাকায় যে অফিস রয়েছে তার চারপাশে অসংখ্য সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে এবং অপরাধীদের শনাক্ত করা হবে। এটা যদি দুর্ঘটনা হয়, তাহলে কোন কিছু বলা নেই। কিন্তু যদি কেউ এই ঘটনাটি ঘটিয়ে থাকে, তাহলে সবকিছু দেখতে হবে। তখন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ঘটনার তদন্ত করে দেখছে।এদিকে, পুলিশ জানায়, গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

