রানিগঞ্জে চারচাকা গাড়ির ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ
*বেঙ্গল মিরর, রানিগঞ্জ ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের রানিগঞ্জ থানার শিয়ারসোল রাজবাড়ি মোড় এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়। মঙ্গলবার সন্ধ্যায় হওয়া এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃত সাইকেল চালক গৌতম ভগৎ (৫০) রানিগঞ্জ থানার শালডাঙ্গার ভগৎ পাড়ার বাসিন্দা । এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা ও মৃত সাইকেল আরোহীর পরিবারের সদস্যরা ক্ষতিপূরণের দাবিতে রানিগঞ্জ থানার পাঞ্জাবিমোড় ফাঁড়িতে এসে বিক্ষোভ দেখান। পুলিশ দাবি পূরণের আশ্বাস দিয়ে পরিস্থিতি সামাল দেয়।














পুলিশ ঘটনার পরে গাড়ি সহ চালককে আটক করে। বুধবার দুপুরে আসানসোল জেলা হাসপাতালে সাইকেল আরোহীর মৃতদেহর ময়নাতদন্ত হয়।পুলিশ সূত্রে জানা গেছে , বছর ৫০ র গৌতম ভগৎ মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ সাইকেল চালিয়ে রানিগঞ্জ থানার এনএসবি রোড বা ১৪ নং জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিলেন। এমন সময় সিয়ারশোল রাজবাড়ি মোড়ের কাছে একটি দ্রুতগামী চারচাকা গাড়ি তাঁকে ধাক্কা মারে। সেই ধাক্কা এতটাই জোরে ছিলো যে সাইকেল আরোহী দূরে ছিটকে পড়েন ও গুরুতর জখম হন। জানা গেছে, গাড়িটি ধাক্কা মারার পর তার সাইকেলটি প্রায় ১০০ মিটার টেনে নিয়ে যায়। তা দেখে এলাকার বাসিন্দারা উত্তেজিত হয়ে পড়েন। তারা গাড়িটিকে আটক করেন।
এর পাশাপাশি চালককে ধরে এলাকার বাসিন্দারা গণধোলাই দেন। খবর পেয়ে রানিগঞ্জ থানা ও পাঞ্জাবিমোড় ফাঁড়ির পুলিশ এলাকায় আসে। আহত সাইকেল আরোহীকে উদ্ধার করে রানিগঞ্জে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এদিকে, এই ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা পাঞ্জাবি মোড় পুলিশ ফাঁড়ি ঘেরাও করেন। তারা নিহতের পরিবারের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবি জানান।ঘটনাস্থলে উপস্থিত বিজেপি নেতা শামশের সিং বলেন, এটি একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। গৌতম ভগত তাঁর পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। তাঁর তিন মেয়ে রয়েছে।
তাই পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া উচিত। গোটা বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তিনি রানিগঞ্জ সহ সমগ্র এলাকার ট্রাফিক ব্যবস্থার উন্নতির দাবি জানান এবং বলেন যে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। আইনজীবী ও স্থানীয় বাসিন্দা শ্যাম কুমার পাসিও ঘটনাটিকে মর্মান্তিক বলে বর্ণনা করেছেন। তিনি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও মৃত সাইকেল আরোহীর পরিবারকে যথাযথ সহায়তার দাবি জানিয়েছেন।পুলিশ জানায়, আইন মতো প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

