পালাবদলের পরেও, আসানসোল পুরনিগমে মেয়রের চেম্বারে ‘ মমতা বন্দ্যোপাধ্যায় ছবি’ সরিয়ে ফেলার দাবি বিজেপির
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাজ্যে রাজনৈতিক পালাবদল হয়েছে। ক্ষমতা থেকে সরে গেছে তৃণমূল কংগ্রেস৷ ভোটে হেরে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন সরকার গঠন করেছে বিজেপি। সেই সরকারের মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। এমন পরিস্থিতিতেআসানসোল পুরনিগমের মেয়রের চেম্বারে এখনও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি টাঙানো থাকাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। রাজ্যে সরকার পরিবর্তনের পরেও কেন আসানসোল পুরনিগমে মেয়রের চেম্বারে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি থাকবে, তা নিয়ে সরব হয়েছে বিজেপি।এই প্রসঙ্গে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক কেশব পোদ্দার বৃহস্পতিবার সরাসরি অভিযোগ তুলে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস হেরে গেছে। বিজেপি সরকার গঠন করেছ।














সেই সরকারের মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। অথচ মেয়রের চেম্বারে এখনও প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি ঝুলছে। এটা নতুন সরকার এবং প্রশাসনিক পরিবর্তনকে অসম্মান করার সামিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দ্রুত পরিবর্তন না করা হলে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি তার মন্তব্য, পুরনিগমে পুর কমিশনার আছেন, তাকে বিষয়টি দেখার জন্য অনুরোধ করছি। এই ইস্যুতে চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত মুখ খুলেছেন আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়। এদিন তিনি বলেন, আমি এখানে দায়িত্ব নেওয়ার আগেই মমতা বন্দ্যোপাধ্যায়েী ছবি ছিল। এখন কি থাকবে বা কি পরিবর্তন হবে, সেটা পুরোপুরি সরকারের নির্দেশের উপর নির্ভর করছে।
সরকার যেভাবে নির্দেশ দেবে, সেই নিয়ম মেনেই পদক্ষেপ করা হবে বলে দাবি তার। মেয়র বলেন, নতুন সরকার এখনো কোন নির্দেশ দেয়নি।তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, এই মন্তব্যের মাধ্যমে সরাসরি কোনও অবস্থান না নিয়ে কার্যত ‘সেফ গেম’ খেললেন মেয়র। কারণ রাজ্যে পালাবদলের পরে নিচের তলার অফিসে এখনও পুরনো শাসকের প্রভাব রয়ে গেছে কি না, তা নিয়েই এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। তার উত্তর হয়তো সময় বলবে।তবে, বদলে যাওয়া রাজনৈতিক প্রেক্ষাপটে এই ছবিকে কেন্দ্র করে আসানসোলের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর শোরগোল।
