আসানসোলে অবৈধ দখলদার উচ্ছেদ পিছিয়ে যাওয়ায় ক্ষুব্ধ বিজেপির জেলা নেতৃত্ব পুরনিগমকে আক্রমণ
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল শহরের হটন রোডের অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান আগামী ১৫ দিনের জন্য পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আসানসোল পুরনিগম। শনিবার এই অভিযান হওয়ার কথা ছিলো। মাইকিং করার পরেও, একেবারে শেষ মুহূর্তে আসানসোল পুরনিগমের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ বিজেপির আসানসোল সাংগঠনিক নেতৃত্ব। শুক্রবার আসানসোলের ১৯ নং জাতীয় সড়ক লাগোয়া শীতলায় বিজেপি জেলা কার্যালয়ে দলের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হয়। সেই সাংবাদিক সম্মেলনে বিজেপির নেতারা প্রশ্ন তোলেন যে, আসানসোল পুরনিগম কতৃপক্ষ ঘোষণা করেছিল যে শনিবার অর্থাৎ ১৬ মে থেকে আসানসোলের জিটি রোডের হটন রোড মোড় থেকে ইসমাইল মোড় পর্যন্ত রাস্তার দুপাশের অবৈধ দখল উচ্ছেদ করা হবে।














গত দুদিন ধরে এই নিয়ে মাইকিংও করা হচ্ছিল। কিন্তু শুক্রবার সকালে হঠাৎই ঘোষণা করা হয় যে দোকানদারদের অনুরোধে ১৫ দিনের সময় দেওয়া হচ্ছে। এও বলা হয়েছে যে, ১৫ দিন পর দোকানদারদের একদিনও অতিরিক্ত সময় দেওয়া হবে না। এরপরেও যদি তারা দখল না সরান, তাহলে আসানসোল পুরনিগম সেই দখল উচ্ছেদ করবে। এদিন বিজেপির পক্ষ থেকে আসানসোল পুরনিগমের কাছে জানতে চাওয়া হয় যে, যখন পুরনিগমের তরফে সিদ্ধান্ত নিয়েছিল যে শনিবার থেকেই দখল উচ্ছেদ করা হবে।
তখন হঠাৎ করে সেই সিদ্ধান্ত কেন পরিবর্তন করা হলো? তারা বলেছন যে, এই সিদ্ধান্ত আসানসোল পুরনিগম আগেও নিয়েছিল। কিন্তু তৃনমুল কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দলের কারণে তখন এই কাজটি করা যায়নি। সবকিছু দেখে মনে হচ্ছে এখনও তৃণমূল কংগ্রেসের মধ্যে কিছু খেলা চলছে। যে কারণে আসানসোল পুরনিগম এই সিদ্ধান্ত পরিবর্তন করেছে। বিজেপির পক্ষ থেকে এদিন স্পষ্টভাবে বলা হয়েছে যে, তারা চায় শনিবার থেকেই অবৈধ দখল উচ্ছেদ করা হোক। কারণ এই রাস্তাটি আসানসোল জেলা হাসপাতালে যাওয়ার প্রধান পথ।
এমন পরিস্থিতিতে এই রাস্তার দুই পাশে অবৈধ দখল থাকলে মানুষের অনেক অসুবিধা হচ্ছে। তারা এও বলেছেন যে, পুরনিগম আসলে চায় না আসানসোলের মানুষ এই দুর্ভোগ থেকে মুক্তি পাক। তাই বারবার ঘোষণা দেওয়া সত্ত্বেও দখল উচ্ছেদের প্রক্রিয়া শুরু করা হয়নি। এদিন বিজেপি নেতারা বলেছেন যে, তারা ১৫ দিনের সময় দেওয়ার বিপক্ষে। তারা চান শনিবার থেকেই দখল উচ্ছেদের প্রক্রিয়া শুরু হোক। যদি তা না করা হয় তবে বিজেপি রাস্তায় নেমে প্রতিবাদ করবে।

