অস্ত্র দেখিয়ে কয়লা কারবারিদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ, জামুড়িয়ায় গ্রেফতার দুই, উদ্ধার পিস্তল ও কার্তুজ
বেঙ্গল মিরর, জামুরিয়া ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* কয়লা কারবারিদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখিয়ে তোলাবাজির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি পিস্তল, ৫০ রাউন্ড কার্তুজ, নগদ ৮৪ হাজার টাকা এবং একটি গাড়ি উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম মুন্না সিং (৩২), বাড়ি শঙ্করপুর কোলিয়ারি, থানা অন্ডাল এবং বিজয় সিং (৩৮), বাড়ি গাইঘাটা হরিপুর, থানা অন্ডাল।














জানা গেছে, গত কয়েকদিন ধরেই পুলিশের কাছে অভিযোগ আসছিল যে রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতি ইসিএলের বিভিন্ন বৈধ কয়লা ডিপো এবং ডিও কয়লা বোঝাই গাড়ির চালক ও ব্যবসায়ীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করছে।অভিযোগের ভিত্তিতে জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালায়। অভিযানে হাতেনাতে দুই অভিযুক্তকে অস্ত্র ও গাড়ি সহ গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে একটি পিস্তল, ৫০ রাউন্ড কার্তুজ, নগদ ৮৪ হাজার টাকা ও একটি চারচাকা গাড়ি উদ্ধার হয়েছে বলে পুলিশের এক আধিকারিক শুক্রবার জানিয়েছেন।
ধৃতদের শুক্রবার সকালে সকালে আসানসোল আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন নাকচ করে ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশের ঐ আধিকারিক আরো বলেন, এর সঙ্গে আর কারা জড়িত রয়েছে এবং তোলাবাজি চক্রের মূল মাথাদের খোঁজে ধৃতদের পুলিশি হেফাজতে নেওয়ার পরে জেরা করে জানার চেষ্টা করা হবে।

