“আর ১৫ দিন সময়” ব্যবসায়ীদের আবেদনে পিছু হঠলো পুরনিগম, পিছোল আসানসোলে উচ্ছেদ অভিযান, মাইকিং
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলে হটন রোডে অবৈধ দখলদার উচ্ছেদের জন্য নির্ধারিত অভিযান আপাতত ১৫ দিনের জন্য স্থগিত রাখল আসানসোল পুরনিগম। বলা ভালো, আগের মতো পিছু হঠলো আসানসোল পুরনিগম। আগের ঘোষণা মতো শুক্রবার ছিলো অবৈধ নির্মাণ সরিয়ে নেওয়ার শেষ দিন। শনিবার সকাল এগারোটা থেকে জিটি রোডের হটন রোড মোড় থেকে এসবি গড়াই রোডের ইসমাইল মোড় পর্যন্ত বেআইনি দখলদার উচ্ছেদ অভিযান চালানোর কথা ছিলো। সেই মতো গত দুদিন ধরে হটন রোডে আসানসোল পুরনিগমের তরফে মাইকিং করা হয়েছিলো। সেই মতো অনেক ব্যবসায়ী ও দোকানদার তাদের নির্মাণ ও কাঠামো সরিয়ে নেওয়ার কাজ করছিলেন।














কিন্তু শুক্রবার সকালে এলাকায় আসানসোল পুরনিগমের তরফে মাইকিং করে জানানো হয়, স্থানীয় দোকানদাররা পুরনিগমের কাছে অতিরিক্ত সময় চেয়েছেন এবং নিজেরাই রাস্তা ও ফুটপাথ দখল করে থাকা বেআইনি কাঠামো সরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন।মাইকিংয়ে স্পষ্ট ভাষায় বলা হয়, “ব্যবসায়ীদের আবেদনের ভিত্তিতে তাদের ১৫ দিন সময় দেওয়া হচ্ছে। এই সময়ের মধ্যে সকল অবৈধ দখল স্বেচ্ছায় সরিয়ে নিতে হবে। ১৫ দিন পরে পুরনিগমের আধিকারিকদের একটি টিম গোটা এলাকা পরিদর্শন করবেন। তার পরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এদিন এই মাইকিং হতেই হটন রোড ও সংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
এদিন হটন রোডে দেখা যায়, বহু দোকানদার দোকানের সামনে তৈরি শেড, টিন, বাঁশের কাঠামো ও বাড়তি অংশ খুলছেন। কেউ কেউ আবার প্রশাসনের পরবর্তী পদক্ষেপ নিয়ে উদ্বেগও প্রকাশ করেন। কারণ, পুরনিগম স্পষ্ট ইঙ্গিত দিয়েছে,নির্ধারিত সময়ের পরও দখল না সরালে কড়া উচ্ছেদ অভিযান চালানো হবে।দীর্ঘদিন ধরে এই হটন রোডে ফুটপাথ দখল ও যানজট নিয়ে অভিযোগ উঠছিল। পুরনিগম সূত্রে খবর, রাস্তা দখলমুক্ত করে যান চলাচল স্বাভাবিক করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে অতীতেও একাধিকবার উচ্ছেদের ঘোষণা হলেও তা পুরোপুরি কার্যকর হয়নি। তাই এবার ১৫ দিনের “শেষ সুযোগ” ঘিরে ব্যবসায়ী মহলে জোর আলোচনা শুরু হয়েছে।এখন দেখার শেষ পর্যন্ত কি হয়।

