ASANSOL

আইন সবার জন্য সমান, গুজবে কান নয় আসানসোলে ধর্মীয় স্থানের প্রতিনিধিদের নিয়ে পুলিশ প্রশাসনের বৈঠক

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* শব্দদূষণ বা সাউন্ড পলিউশন নিয়ে পুরনো ও সংশোধিত আইন ও নিয়ম কার্যকর করা নিয়ে রবিবার গুরুত্বপূর্ণ বৈঠক করল আসানসোল দক্ষিণ থানার পুলিশ। আসানসোল পুরনিগমের কনফারেন্স হলে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীন আসানসোল দক্ষিণ থানার উদ্যোগে হওয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ( সেন্ট্রাল ১) আব্দুল গফফর, আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ বিশ্বজিৎ মুখোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন বিভিন্ন ধর্মীয় স্থানের প্রতিনিধি, কমিটির সদস্য এবং এলাকার নেতৃত্বরা।

এই প্রসঙ্গে এসিপি ও আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ বলেন, সকাল ৬টা থেকে রাত ১০টা এবং রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত শব্দ নিয়ন্ত্রণ সংক্রান্ত যে নিয়ম রয়েছে, তা সব সম্প্রদায়ের জন্য সমানভাবে প্রযোজ্য। তাদের বক্তব্য, এতদিন এই নিয়মগুলি সঠিকভাবে কার্যকর করা হচ্ছিল না। তাই এবার কড়াভাবে আইন প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তারা আরো বলেন, কিছু মহলে ভুল ধারণা ছড়িয়েছিল যে শুধুমাত্র একটি নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। তবে প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়, মন্দির, মসজিদ, গির্জা ও গুরুদ্বোয়ার সব ধর্মীয় স্থানেই একই আইন কার্যকর হবে।

বৈঠকে উপস্থিত প্রতিনিধিদের আইন ও নিয়ম সম্পর্কে বিস্তারিতভাবে জানানো হয়। পাশাপাশি প্রশাসনের তরফে যোগাযোগের নম্বরও দেওয়া হয়েছে। যাতে কোনও গুজব বা বিভ্রান্তিকর বার্তা ছড়ালে সরাসরি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা যায়। পুলিশপ্রশাসনের পক্ষ থেকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আবেদন জানিয়ে বলা হয়,সবাইকে একসঙ্গে নিয়ে চলাই আমাদের লক্ষ্য। বলা হয়েছে পুলিশ প্রশাসন কোনও এক পক্ষের নয়। প্রশাসন সাধারণ মানুষের জন্য।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *