কুলটিতে ১৯ নং জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, গাড়ির পেছনে ধাক্কা ট্রাকের, কেবিনে আটকে চালক
*বেঙ্গল মিরর, কুলটি ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের কুলটি থানার ১৯ নম্বর জাতীয় সড়কের লছমনপুর মোড় সংলগ্ন এলাকায় রবিবার রাতে ঘটলো একটি ভয়াবহ পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক সামনে দাঁড়িয়ে থাকা অন্য একটি গাড়িতে ধাক্কা মারে। তাতে ট্রাকের কেবিন একেবারে দুমড়েমুচড়ে যায়। ঘটনায় গুরুতর জখম হন ট্রাক চালক। সেই অবস্থায় কেবিনের ভিতর আটকে পড়েন চালক।স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে আসানসোল থেকে ঝাড়খণ্ডের দিকে যাচ্ছিল একটি ট্রাক। কুলটি থানার লছমনপুর মোড় সংলগ্ন ১৯ নং জাতীয় সড়কে একটি ব্রেকডাউন গাড়ি দাঁড়িয়েছিলো।














নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা সেই গাড়িতে সজোরে ধাক্কা মারে ট্রাকটি। সংঘর্ষের জেরে ট্রাকের কেবিন দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ভিতরে আটকে পড়েন।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ, ট্রাফিক গার্ড পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের (এনএইচ) টিম। দীর্ঘক্ষণ উদ্ধারকাজ চালিয়ে আহত চালককে কেবিন থেকে বের করা হয়। পরে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।অন্যদিকে, একই সময়ে ঝাড়খণ্ড থেকে আসানসোলমুখী একটি চার চাকার গাড়িও নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অন্য একটি গাড়িতে ধাক্কা মারে।

এই ঘটনায় ঐ গাড়ির বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। তার মধ্যে শিশুও রয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।এই দুটি দুর্ঘটনার জেরে ঐ এলাকায় জাতীয় সড়কে কিছু সময়ের জন্য ব্যাপক যানজটের সৃষ্টি হয়। যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

