বার্নপুর গুরুদ্বোয়ারা স্কুলে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি বিজেপির ফি আদায়, মিড ডে মিল ও স্কুল পরিচালনা নিয়ে প্রশ্ন
*বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* অনিয়ম এবং আর্থিক অস্বচ্ছতা সহ একাধিক বিষয় নিয়ে কথা বলতে মঙ্গলবার একটি বিজেপি প্রতিনিধিদল বার্নপুর গুরুদ্বোয়ারা স্কুল পরিদর্শন আসেন। বিজেপির মাইনোরিটি সেল বা সংখ্যালঘু মোর্চার প্রতিনিধি আনমোল সিং এবং বিজেপি আসানসোল দক্ষিণ মণ্ডল-২ এর সভাপতি রামানন্দ সাউ স্কুলের অধ্যক্ষের সঙ্গে দেখা করে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা করেন।বিজেপি নেতারা বলেন , আমরা গত কয়েকদিন ধরে ছাত্রছাত্রীদের অভিভাবকদের কাছ থেকে এই স্কুল নিয়ে ক্রমাগত অভিযোগ পাচ্ছিলেন। এই অভিযোগগুলির মধ্যে ছিল ফি আদায়, মিড ডে মিল, অনিয়ম এবং স্কুল পরিচালনা সম্পর্কিত আরও বিভিন্ন বিষয়।













এই অভিযোগগুলির ভিত্তিতেই প্রতিনিধিদল স্কুল পরিদর্শন করে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেয়।বিজেপি নেতা আনমোল সিং অভিযোগ করেন যে, সরকারি নিয়ম অনুযায়ী ছাত্রছাত্রীদের কাছ থেকে মাত্র ২৪০ টাকা নেওয়া উচিত। কিন্তু স্কুল কর্তৃপক্ষ ২৫০০ টাকা পর্যন্ত ফি নেয়। তিনি বলেন, স্কুলে দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। যার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। আমরা এদিন স্কুল পরিচালন কমিটির কাছে প্রশ্ন করেছি। অভিযোগ করেছি যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত কিছু ব্যক্তি দীর্ঘদিন ধরে এই কমিটিতে রয়েছেন। বিজেপি নেতারা জানান, বিষয়টি প্রশাসনিক পর্যায়ে উত্থাপন করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হবে।
রামানন্দ সাউ দাবি করেন, অধ্যক্ষের সঙ্গে কথা বলার সময় এটাও জানা গেছে যে স্কুলের অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক তথা বর্তমানে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালকে আমন্ত্রণ জানানো নিয়ে আপত্তি উঠেছিল। তিনি বলেন, এই বিষয়টিও নিরপেক্ষভাবে তদন্ত করা উচিত।বিজেপি নেতারা আরে জানান, পুরো বিষয়টি নিয়ে প্রশাসনিক কর্মকর্তাদের কাছে অভিযোগ দায়ের করা হবে। স্কুলের বিরুদ্ধে উঠা অভিযোগগুলো তদন্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে, এই অভিযোগগুলোর বিষয়ে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।


