দুর্গাপুরে বেসরকারি কারখানায় ভাটি ফেটে বিকট শব্দ, কেঁপে উঠল এলাকা
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* সাতসকালে বিকট শব্দে কেঁপে উঠলো গোটা এলাকা। মুহূর্তের মধ্যেই ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যা ঘিরে বুধবার সকালে চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরের সগড়ভাঙা কলোনি এলাকায়।স্থানীয়দের অভিযোগ, এলাকার একটি বেসরকারি কারখানায় ভাটি ব্লাস্ট বা চুল্লি ফেটে এই বিপত্তির সূত্রপাত। বাসিন্দাদের আরো দাবি, এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটেছে। যার ফলে কারখানা এলাকায় থাকা বাড়িঘরেরও ক্ষতি হয়েছে। অবিলম্বে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সগড়ভাঙা পুকুরপাড় এলাকার বাসিন্দারা।













বিকাশ ঘটক নামে এক বাসিন্দা বলেন, সকাল পৌনে সাতটা নাগাদ ঐ কারখানার ভেতর থেকে বিকট শব্দ শুনতে পাই। ভেতরে গিয়ে দেখি ভাটি ফেটেছে। তাতে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। পাশে থাকা একটা ট্রাকে সামান্য আগুন লাগার ঘটনা ঘটে। কারখানা কতৃপক্ষ তৎপরতার সঙ্গে সেই আগুন নিভিয়ে ফেলেন। তিনি আরো বলেন, কারখানা কতৃপক্ষের আরো সজাগ থাকতে হবে। রাজ্যে এখন সরকার পরিবর্তন হয়েছে। কোন বেআইনি কাজ আর করা যাবে না। খবর পেয়ে এলাকায় পুলিশ আসে। কারখানা কতৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।


